মরিনহোর ছায়ায় ভিবি
‘নতুন মরিনহো’ তকমাটা উবে গেছে অনেক আগেই। শঙ্কা এখন চাকরি বাঁচানো নিয়েই। ২৫ ম্যাচ শেষে ৪৩ পয়েন্ট নিয়ে চেলসি আছে পাঁচে। প্রিমিয়ার লিগ শিরোপার আশা তো নেই-ই, চ্যাম্পিয়নস লিগ খেলতে পারে কি না সংশয়। আন্দ্রে ভিলাস-বোয়াসের (এ ভিবি) চাকরি ঝুলছে সুতোর ওপর। ব্যর্থতার কারণ অনুসন্ধান যখন চলছে, তখন বিস্ময়কার এক তত্ত্ব হাজির করলেন হোর্হে নুনো পিন্টো ডা কস্টা। পোর্তোর সভাপতির দাবি, চেলসির কয়েকজন ফুটবলার হোসে মরিনহোর ছায়া থেকে বের হতে না পারাতেই ভিলাস-বোয়াসের এমন ব্যর্থতা!ভিলাস-বোয়াস-চেলসি-মরিনহোর মাঝে হঠাৎ পোর্তো সভাপতির নাম শুনে অনেকে অবাক হতে পারেন। তবে ইতিহাস জানলে অবাক হওয়ার কথা নয়। মরিনহো ও ভিলাস-বোয়াসকে আলোয় আনায় বড় ভূমিকা এই পিন্টো ডা কস্টার। পোর্তোতে দুজনকে সুযোগ করে দিয়েছিলেন তিনিই। দুজনের ক্যারিয়ারে গতিপথও মিলে গিয়েছিল। মরিনহোর মতোই পোর্তোতে উত্থান ভিলাস-বোয়াসের। মরিনহোর মতোই পরে যোগ দেন চেলসিতে। মিল শেষ ওখানেই। চেলসিতে এসে মরিনহো নিজেকে এগিয়ে নিয়েছিলেন আরেক ধাপ। ভিলাস-বোয়াসের অবস্থা উল্টো।পিন্টোর দাবি, চেলসির অনেক ফুটবলারের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে মরিনহোর। ভিলাস-বোয়াস সাফল্য পাচ্ছেন না এ কারণেই, ‘ওর (ভিলাস-বোয়াস) চুক্তি তো স্রেফ এক বছরের জন্য নয়, চেলসিতে ও সাফল্য পাবেই। ওর কিছুটা সময় প্রয়োজন, কারণ নিজের মতো করে দলটাকে এখনো গুছিয়ে নিতে পারেনি। তবে মরিনহোর সঙ্গে খুদেবার্তা আদান-প্রদান করে এমন ফুটবলাররা যত দিন চেলসিতে থাকছে, তত দিন ভিলাস-বোয়াস পারবে না।’পোর্তোতে মরিনহোর সহকারী ছিলেন ভিলাস-বোয়াস। পিন্টোর দাবি, চেলসিতে ভিলাস-বোয়াসের কর্তৃত্ব নিতে না পারার ব্যাপারটা জানা আছে ক্লাব মালিক রোমান আব্রামোভিচের। সংবাদমাধ্যমের খবর, রোববার ক্লাবের অনুশীলনে ভিলাস-বোয়াসের ফুটবলজ্ঞান নিয়ে সরাসরি চ্যালেঞ্জ করেন কয়েকজন ফুটবলার। আব্রামোভিচ নিজেই যার সাক্ষী। প্রিমিয়ার লিগে চেলসি যেমনই করুক, ভিলাস-বোয়াসের খুব একটা সমস্যা হবে বলে মনে করেন না পিন্টো। তবে তাঁর শঙ্কা, ‘ভিলাস-বোয়াসের সমস্যা হতে পারে শুধু চ্যাম্পিয়নস লিগে চেলসি ভালো না করলে। তবে ওর কাজের অভাব হবে না। চেলসি ছাড়লে ও ইন্টার মিলানের পরবর্তী কোচ হবে।’তবে পিন্টো যাতই দাবি করুন, চাকরি আপাতত শঙ্কায় নেই, স্টামফোর্ড ব্রিজে ভিলাস-বোয়াসের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন ডালাপালা মেলছে প্রতিদিনই। শোনা যাচ্ছে, গাস হিডিঙ্ককে নাকি আবার ভারপ্রাপ্ত কোচ করে আনা হতে পারে। ওয়েবসাইট।