মরিনহোর জন্য ময়েসও প্রস্তুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুখে স্মিত হাসি। চোখেমুখে কৌতুকের ঝিলিক। রসবোধটাও খুব উঁচু তারে বাঁধা। প্রতিপক্ষ কোচকে নিয়ে বিদ্রূপের তির্যক বাণ ছাড়তে ক্লান্তি নেই তাঁর। হোসে মরিনহোর কাজটা সব সময় নেপথ্যেই। সে জন্যই মাঠের বাইরের ‘মনস্তাত্ত্বিক খেলা’টা দারুণ উপভোগ করেন। অভ্যাসটা পুরোনো। চেলসিতে তাঁর প্রথম পর্বেই প্রতিটি বড় ম্যাচের আগে প্রায়ই একচোট হয়ে যেত অ্যালেক্স ফার্গুসন, আর্সেন ওয়েঙ্গার, রাফায়েল বেনিতেজদের সঙ্গে। পাঁচ বছর পর ইংল্যান্ডে ফিরেই যেন মরিনহো ফিরে এলেন আগের সেই ‘মরিনহোতে’। ফার্গি আর ডাগ-আউটে নেই, তাতে কী? ইউনাইটেডে তাঁর উত্তরসূরি ডেভিড ময়েসের সঙ্গেই দেখা যাবে আরেকটি দুর্দান্ত মনস্তাত্ত্বিক খেলা? ইঙ্গিতটা সেরকমই। ওয়েইন রুনিকে নিয়েই এখন দুই দলে ঠান্ডা লড়াইয়ের আবহ। ইউনাইটেড স্ট্রাইকারকে পেতে চেলসির আগ্রহের কথাটা মরিনহো রাখঢাক না রেখেই জানিয়ে দিয়েছিলেন। ময়েস সাফ বলে দেন, রুনি বিক্রির জন্য নয়। তবে মরিনহো কি পিছু হটার পাত্র? রুনিকে প্রলুব্ধ করার চেষ্টা করেই যাচ্ছেন। যদিও কয়েক দিন আগে ময়েসকে শুভ কামনা জানিয়েছেন। সেটাও স্বভাবসুলভ রসিকতার ঢঙে।পরশু অস্ট্রেলিয়ায় সংবাদ সম্মেলনে ময়েসের কাছে জানতে চাওয়া হয়েছিল মনস্তাত্ত্বিক খেলার জন্য তিনি তৈরি কিনা। প্রশ্নকর্তা প্রতিবেদককে ময়েস ভালোই উত্তর দিয়েছেন, ‘আপনি গ্লাসগোর লোক হলে আপনার তো জানার কথা এসব জিনিস আমরা উপভোগ করি। শুরু হোক না!’ এএফপি।