মরিনহোর জন্যই...
মৌসুম শেষে হোসে মরিনহো আর রিয়াল মাদ্রিদের কোচ থাকছেন না—এটাই যেন এখন বাস্তবতা। গত কয়েক দিনের ঘটনাপ্রবাহে জোর ইঙ্গিত মিলছিল। গতকালের ঘটনাটা যেন নিশ্চিতই করে দিল মরিনহো আর থাকছেন না বা তাঁর থাকা হচ্ছে না। লিগে আজ এসপানিওলের বিপক্ষে ম্যাচ রিয়ালের। বিতর্ক এড়াতে গতকালের ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনটাই বাতিল করে দিয়েছে রিয়াল কর্তৃপক্ষ। স্পষ্টই জানিয়ে দিয়েছে, মরিনহোকে তো নয়ই, তাঁর সহকারী আইতর কারাঙ্কাকেও শুক্রবার রাতে গণমাধ্যমের সামনে পাঠানো হবে না।তিরিক্ষি মেজাজের মরিনহোর মেজাজ যেন এখন সপ্তমে চড়েছে। ইকার ক্যাসিয়াসকে নিয়ে তাঁর খোল্লামখোলা কথাবার্তা মাদ্রিদে বিতর্কের ঝড় তুলেছে। সংবাদ সম্মেলন বাতিল করে ক্লাব কর্তৃপক্ষও যেন বুঝিয়ে দিল, তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তা ছাড়া রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় মিচেল তো স্পষ্টই বলে দিয়েছেন, মরিনহো মাত্রা ছাড়িয়ে গেছেন। রিয়াল সমর্থকেরা আর তাঁকে নিয়ে বিব্রত হতে চায় না। ক্যাসিয়াসকে ম্যাচের পর ম্যাচ বেঞ্চে বসিয়ে রাখাটা রিয়ালের আর দশজন সমর্থকের মতো মেনে নিতে পারেননি ক্যারিয়ারের ১৪টি বছর বার্নাব্যুতে কাটানো মিডফিল্ডারও, ‘সিদ্ধান্তটা কোচের। গোলরক্ষক হিসেবে ডিয়েগো লোপেজও অসাধারণ। কিন্তু আমার মতে, কোনো সন্দেহই নেই ইকার ক্যাসিয়াস বিশ্বের সেরা গোলরক্ষক।’বোঝাই যাচ্ছে, মরিনহোর বার্নাব্যু-অধ্যায় এখন শেষের অপেক্ষায়। মোটামুটি নিশ্চিত মরিনহোর ভবিষ্যৎ গন্তব্যও। চেলসি! হ্যাঁ, ক্রমেই উজ্জ্বল মরিনহোর চেলসিতে ফিরে যাওয়ার সম্ভাবনা। ২০০৪-০৭ পর্যন্ত কোচ ছিলেন চেলসিতে। ‘অনেক ক্লাবই আমাকে পছন্দ করে। বিশেষ করে একটি ক্লাব তো অবশ্যই’—বলে ইঙ্গিতটা দিয়ে রেখেছেন মরিনহোও। সাবেক গুরুকে ফিরে পাওয়ার সম্ভাবনায় চেলসিতে তাঁর সাবেক শিষ্যরাও উচ্ছ্বসিত। ফ্রাঙ্ক ল্যাম্পার্ড যেমন বলছেন, মরিনহোর চেলসিতে ফেরা হবে ক্লাবের জন্য দারুণ, ‘আমি মনে করি, তিনি অসাধারণ কোচ। গুঞ্জনটা আগেও শুনেছি, সম্পূর্ণ ভিন্ন একজন কোচ আসছেন। যদিও সামনে কী হবে, আমরা জানি না। কিন্তু তিনি যদি সেরা না-ও হন, নিশ্চিতভাবেই বিশ্ব ফুটবলের অন্যতম সেরা কোচ।’ ল্যাম্পার্ডের আরেক সতীর্থ জন ওবি মিকেলও একই রকম উচ্ছ্বসিত, ‘মরিনহো একজন অসাধারণ কোচ। মাঠ এবং মাঠের বাইরের মানুষ হিসেবেও তিনি অসাধারণ। তিনি জানেন কীভাবে খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে হয়, কীভাবে খেলোয়াড়দের সেরাটা বের করে আনা যায়।’ ২০০৬ সালে মরিনহোই অসলোর লিন থেকে মিকেলকে নিয়ে এসেছিলেন চেলসিতে। ওয়েবসাইট।