মরিনহোর জবাবে গার্দিওলা
হোসে মরিনহোর ইঙ্গিতটা যে অন্যকিছু ছিল, সেটা তাঁর কথায়ই স্পষ্ট। বার্সেলোনা কোচ পেপ গার্দিওলা তাঁকে জবাবটা দিলেন ভদ্রগোছের এক খোঁচায়। কোয়ার্টার ফাইনাল শেষে নিশ্চিত হয়ে গেছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল লাইনআপ। বার্সেলোনার প্রতিপক্ষ চেলসি আর রিয়াল মাদ্রিদের সামনে বায়ার্ন মিউনিখ।মরিনহো বার্সেলোনাকে আগেই ফাইনালে তুলে দিয়ে বলেছিলেন, ‘বার্সেলোনা শুধু ফেবারিট নয়, সুপার ফেবারিট।’ শুধু এটুকু বললে কথা ছিল না। রিয়াল কোচ যোগ করেন, ‘আমাকে যদি সত্যিটা বলতে দেন, আমার মনে হয় না, রিয়াল মাদ্রিদ-চেলসি ফাইনাল হবে। এটা হতে পারে বায়ার্ন-বার্সেলোনা, কেন আমরা সবাই জানি।’কিন্তু গার্দিওলা রবার্তো ডি মাত্তেওর উজ্জীবিত চেলসিকে হালকাভাবে নিচ্ছেন না। তাঁর কথা, সেমিফাইনালে ওঠা চার দলেরই ভালো সুযোগ আছে ফাইনালে যাওয়ার। গতকাল লিগে রিয়াল জারাগোজার বিপক্ষে ম্যাচ ছিল বার্সেলোনার। এই ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে মরিনহোর প্রসঙ্গ উঠতেই গার্দিওলা গম্ভীর কিন্তু রসিকও, ‘আমাদের প্রতি তাঁর আস্থা থাকায় তাঁকে ধন্যবাদ জানাই। কিন্তু সেমিফাইনালে চার দলেরই সুযোগ আছে।’ প্রতিপক্ষ চেলসি সম্পর্কে বার্সা কোচের কথা, ‘দলটা অভিজ্ঞ। অসাধারণ সব খেলোয়াড় আছে। তারা ইউরোপের অন্যতম সেরা দল। ইংলিশ ফুটবলে দলটির সামপ্রতিক ইতিহাসও দারুণ। চ্যাম্পিয়নস লিগে সব সময় তারা আছে এবং নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে। ফাইনালে উঠতে হলে আমাদের ভালো পারফরম্যান্সই করতে হবে।’ ওয়েবসাইট।