মরিনহোর তোপে সুয়ারেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের ৩০ মিনিটেই মাঠ ছেড়ে যান ব্রানিস্লাভ ইভানোভিচ। চেলসি ডিফেন্ডারকে চোটের কারণেই উঠে যেতে হয়েছে, কিন্তু কেউ কেউ খোঁচা মারলেন সুয়ারেজের ভয়েই বুঝি মাঠ ছেড়েছেন! নয় মাস আগে হাত কামড়ে দেওয়ার স্মৃতিটা নিশ্চয়ই ভোলেননি ইভানোভিচ!
পরশু সে রকম কিছুই হয়নি। কিন্তু লুইস সুয়ারেজ যখন চেলসির মুখোমুখি, তখন বিতর্ক কি না থেকে পারে? শুরুতে মার্টিন স্কারটেলের গোলে এগিয়ে গিয়েছিল লিভারপুল। এডেন হ্যাজার্ড ও স্যামুয়েল ইতোর গোলে শেষ পর্যন্ত ২-১-এ জিতেছে চেলসি। কিন্তু ফল ছাপিয়ে ম্যাচ শেষে বড় উঠল বিতর্ক। অবধারিতভাবেই সেটার সঙ্গে আছেন সুয়ারেজ। বক্সের ভেতর স্যামুয়েল ইতো ধাক্কা দিয়েছিলেন সুয়ারেজকে। কিন্তু রেফারি হাওয়ার্ড ওয়েব দেননি।
সংবাদ সম্মেলনে হোসে মরিনহো স্বভাবসুলভভাবে খোঁচা দিতে ছাড়েননি। সুয়ারেজ ইচ্ছে করেই পড়ে গেছেন বলে দাবি তাঁর, ‘আমার মনে হয় ওয়েব একটা ভুল করেছিলেন। তিনি সুয়ারেজকে হলুদ কার্ড দেননি।’ পরে যা বলেছেন সেটি কতটা শিষ্টাচারসম্মত, তর্ক হতে পারে, ‘কোনো সন্দেহ নেই সে (সুয়ারেজ) অনেকটাই বদলে গেছে। ব্রেন্ডন রজার্স তাকে ভালোই সামলাচ্ছে। কিন্তু এমন পরিস্থিতিতে যখন আপনি হারতে চলেছেন তখন আপনার আসল রূপ বেরিয়ে আসবেই। সাধারণত যারা ওখান থেকে (দক্ষিণ আমেরিকা) আসে তারা এটা পছন্দ করে (ডাইভিং)। শুধু ওখানেই নয় অবশ্য, ইউরোপের যেখান থেকে আমি এসেছি (পর্তুগাল) তারাও এটা পছন্দ করে।’ সুয়ারেজের সমালোচনা করতে গিয়ে পর্তুগালকে টেনে এনে ভারসাম্য রক্ষা করতে চাইলেন মরিনহো?
ব্রেন্ডন রজার্স বিতর্কে যোগ দেননি। শুধু দাবি করেছেন, হেন্ডারসনকে ইতো যে ফাউলটা করেছেন সেটি লাল কার্ড দেখার মতো ছিল। টানা দুই হারে এক থেকে পাঁচে নেমে বছর শেষ করল লিভারপুল। কোচের হতাশাটা বোঝাই যায়! এএফপি।