মরিনহোর দিকে তাকিয়ে ক্যাসিয়াস
লিগ শিরোপা: ২০০৭-০৮ মৌসুমে।কোপা ডেল রে শিরোপা: ১৯৯২-৯৩ মৌসুমে।চ্যাম্পিয়নস লিগ শিরোপা: ২০০১-০২ মৌসুমে।এই হলো ক্লাব পর্যায়ের তিনটি প্রধান প্রতিযোগিতায় রিয়াল মাদ্রিদের সর্বশেষ সাফল্য। কোপা ডেল রে তাদের জেতা হয় না ১৭ বছর হয়ে গেল। এই মৌসুম ধরে চ্যাম্পিয়নস লিগ শিরোপার জন্য অপেক্ষাটা গিয়ে পৌঁছাবে ৯ বছরে। ১৯৯৭ সালের পর থেকে কেবল লিগ শিরোপাটাই একাধিকবার জিতেছে তারা। সেটিও গত ১৩ বছরে মাত্র চারবার।ফোর্বস-এর তালিকায় বিশ্বের দ্বিতীয় সেরা ধনী ক্লাব হতে পারে, সাম্প্রতিককালে ট্রফির শো-কেসের দিকে তাকালে হয়তো নিজেদের দীন-দরিদ্রই মনে হয় তাদের! বিশেষ করে চ্যাম্পিয়নস লিগে তাদের ব্যর্থতা চোখে পড়ার মতো। কিন্তু এবার ছবিটা অন্যরকম হবে বলেই মনে করেন ইকার ক্যাসিয়াস। অধিনায়ক হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফেরা এই গোলরক্ষক আশাবাদী, রিয়ালের জন্য সাফল্যবিধৌত একটা মৌসুম অপেক্ষা করছে সামনে। হোসে মরিনহো যে এসেছেন!‘স্পেশাল ওয়ান’ যে চ্যাম্পিয়নস লিগ বিশেষজ্ঞ, সেটি তাঁর নিন্দুকেরাও স্বীকার করবে। ভিন্ন ভিন্ন তিনটি ক্লাবের হয়ে ক্লাব ফুটবলের এই ‘বিশ্বকাপ’ জেতার কৃতিত্ব আছে তাঁর। এরই মধ্যে রিয়ালের হয়ে কাজও শুরু করে দিয়েছেন এই পর্তুগিজ কোচ। অবশ্যই মরিনহো-স্টাইলে। তার প্রমাণ, ৯ আগস্টের মধ্যে দলে সব খেলোয়াড়ের রিপোর্ট করার কথা ছিল। মরিনহো সেই সময়টা এগিয়ে এনেছেন এক সপ্তাহ।আগেভাগে ছুটি শেষ হয়ে যাচ্ছে বলে ক্যাসিয়াসের কিন্তু মোটেও মন খারাপ নয়। ‘এটা ঠিকই আছে। আমি এরই মধ্যে তাঁর সঙ্গে বেশ কবার কথা বলেছি। তাঁর চিন্তাভাবনার ধরন আমার ভালো লাগছে। তিনি চান বিশ্রাম নিয়ে পরবর্তী লক্ষ্যের জন্য তৈরি হয়েই যেন খেলোয়াড়েরা কাজে ফেরে। আসলে বিশ্ব চ্যাম্পিয়ন হলে তো বাকি বিশ্বের কোনো কিছুই আর মাথায় থাকে না’—বলেছেন ক্যাসিয়াস।বিশ্বকাপ জিতে দেশে ফিরেছেন মাত্র এক সপ্তাহ হলো। উৎসবের রেশ এখনো রয়ে গেছে ক্যাসিয়াসের মধ্যেও, ‘দক্ষিণ আফ্রিকায় পরিস্থিতিটা ছিল অন্যরকম। দেশ থেকে আমরা অনেক দূরে ছিলাম বলে স্পেনে কী হচ্ছে, সেটি টের পাচ্ছিলাম না। দেশে ফিরে বিজয় উদ্যাপনের জন্য তর সইছিল না আমাদের। এরপর দেশে ফিরে যে অভিজ্ঞতা সেটি কখনোই ভুলব না।’দুই বছর আগেই ইউরো-সেরার ট্রফি নিয়েও দেশে ফিরেছেন। কিন্তু এই দুইয়ের কোনো তুলনা চলে না বলেই জানালেন স্পেন অধিনায়ক, ‘ইউরো জয়ের অনুভূতিও বিশেষ কিছু। কিন্তু বিশ্বকাপ জয়ের আনন্দ এর চেয়ে চার গুণ বেশি।’সেই আনন্দ আপাতত বুকের এক পাশে চাপা দিয়ে মাঠে নেমে পড়তে হচ্ছে ক্যাসিয়াসদের। আগস্টের শেষ সপ্তাহে শুরু হচ্ছে স্প্যানিশ লিগ। ভুলে যেতে হচ্ছে জাভি-ইনিয়েস্তাদের সঙ্গে এই বন্ধুত্ব। এখন যে আবার তাঁরা ‘চিরশত্রু’! না, ক্যাসিয়াস মনে করেন, বিশ্বকাপ জয়ের পর রিয়াল-বার্সা সমর্থকেরা, মাদ্রিদ-কাতালোনিয়ার মানুষেরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে উৎসব করেছে; এর পর থেকে দুই ক্লাবের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজটুকু থাকলেও সেখানে বিদ্বেষ থাকবে না, থাকবে না শত্রুতা। ‘এটাই বিশ্বকাপের সবচেয়ে বড় পাওয়া’—বলেছেন ক্যাসিয়াস। ওয়েবসাইট।