মরিনহোর দুই শর্ত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি জোর দিয়েই ‘না’ করছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে আবার ফেরার ইচ্ছার কথাও অনেকবারই জানিয়েছেন। তবে এটাও বলেছেন, চেলসিতে আর নয়। কিন্তু এই জগতে শেষ কথা বলে কিছু নেই। গুজব ডালপালা মেলছে তাই প্রতিনিয়তই। এখন শোনা যাচ্ছে, চেলসিতে ফিরতে আপত্তি নেই হোসে মরিনহোর। তবে রোমান আব্রামোভিচকে নাকি দুটি শর্ত বেঁধে দিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ। সম্মানী দিতে হবে বছরে ১২ মিলিয়ন ইউরো, সঙ্গে স্টামফোর্ড ব্রিজে তাঁর সঙ্গী করতে হবে ক্রিস্টিয়ানো রোনালদোকেও।মরিনহো এখনই বছরে সবচেয়ে বেশি আয় করা কোচ, রিয়াল মাদ্রিদ তাঁকে সম্মানী দেয় বছরে ১১.২ মিলিয়ন ইউরো। এর চেয়ে বেশি না পেলে কেন আবার চেলসিতে ফিরবেন? আর রিয়ালে রোনালদোর সঙ্গে তাঁর জুটিটা জমে উঠেছে দারুণ। প্রিমিয়ার লিগে ফিরলে শিরোপার লড়াইয়ে রোনালদোই হবেন তাঁর সবচেয়ে বড় অস্ত্র। দুজনের এজেন্টই অভিন্ন—পর্তুগিজ সুপার এজেন্ট হোর্হে মেনডেস। মরিনহোর সম্মানীটা অবশ্য খুব বড় কোনো চাওয়া নয়। তবে রোনালদোকে আনা সহজ হবে না মোটেও। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে সাবেক ফিফা বর্ষসেরাকে রিয়াল এনেছিল ৮০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে। রিয়ালের হয়ে যেন ঝলসে উঠেছেন আরও। ৮৮ ম্যাচে ৯৬ গোল করা তারকাকে নিতে হলে অন্তত ১০০ মিলিয়ন ইউরো তো লাগবেই, লাগতে পারে আরও বেশি।আব্রামোভিচের দৃষ্টিতে অবশ্য আছেন পেপ গার্দিওলাও। বার্সেলোনায় গার্দিওলার বার্ষিক বেতন ৯ মিলিয়ন ইউরো। বার্সার সঙ্গে এখনো চুক্তি নবায়ন না করাও খানিকটা আশান্বিত করছে রুশ ধনকুবেরকে। তবে শোনা যাচ্ছে, যে করেই হোক, আরও একটা মৌসুম অন্তত ন্যু ক্যাম্পে রেখে দেওয়া হবে গার্দিওলাকে। গার্দিওলা একদমই থাকতে রাজি না হলে এক মৌসুম অন্তত অন্য কোথাও যেন যেতে না পারেন, সেই ব্যবস্থা করা হবে। চেলসির সম্ভাব্য কোচের তালিকায় আছে জোয়াকিম লোর নামও। সুইজারল্যান্ডে জার্মান কোচের সঙ্গে নাকি গোপনে দেখাও করেছেন আব্রামোভিচ, যদিও লো সেটি অস্বীকার করেছেন। জার্মানির সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ ২০১৪ বিশ্বকাপ পর্যন্ত।আব্রামোভিচের পছন্দের তালিকায় আছেন অ্যাথলেটিক বিলবাও কোচ মার্সেলো বিয়েলসাও। শৃঙ্খলা রক্ষায় আপসহীন হিসেবে সুনাম আছে আর্জেন্টাইন কোচের। চেলসির ড্রেসিংরুমে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এমন কাউকেই দরকার। আর এঁদের কাউকেই যদি না পান, শেষ ভরসা একজন তো আছেনই—রাফায়েল বেনিতেজ! লিভারপুল-ইন্টার মিলানে ধাক্কা খেয়ে বেনিতেজ এখন এমন কোনো প্রস্তাবের আশাতেই আছেন।তবে আব্রামোভিচের তালিকায় না থাকলেও ঢোকার চেষ্টা করছেন আরেকজন। নিজে থেকেই দায়িত্ব পেতে আগ্রহের কথা জানিয়েছেন সভেন গোরান এরিকসন। গত অক্টোবরে লিস্টার সিটির কোচের পদ থেকে বরখাস্ত হওয়ার পর থেকেই বেকার সাবেক ইংল্যান্ড কোচ স্কাই স্পোর্টসকে জানিয়েছেন, দায়িত্বটা পেলে লুফে নেবেন তিনি। ওয়েবসাইট।