মরিনহোর পাঁচ বচন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোসে মরিনহো
হোসে মরিনহো

তিনি নিজেই নিজেকে ‘স্পেশাল ওয়ান’ হিসেবে মনে করেন। চাঁছাছোলা মন্তব্যে তাঁর জুড়ি নেই। গণমাধ্যমের সামনে হোসে মরিনহোর উপস্থিতি সব সময়ই নতুন কোনো সংবাদের জন্ম দেয়। এই তো সেদিন ইংলিশ প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডের কাছে তাঁর দল চেলসি হেরে যাওয়ার পর মরিনহো সংবাদ সম্মেলনে এসে দারুণ কৌতুকের অবতারণা করলেন। তিনি হারের ক্ষোভ মেটালেন নিজ দলের খেলোয়াড়দের ‘অভিনন্দিত’ করে। সেই সঙ্গে চেলসির বিপক্ষে একটি বিতর্কিত পেনাল্টি দেওয়ায় ‘ধন্যবাদ’ জানালেন ম্যাচের রেফারিকে। একহাত নিয়েছেন রেফারিদের প্রধানকেও। তাঁর ভাষায়, ইংলিশ প্রিমিয়ার লিগের পুরো মৌসুমে ‘অসাধারণ’ রেফারিং উপহার দেওয়ায়!
এমনই চরিত্র মরিনহোর। তিনি কাউকে ছাড়েন না। কেউ তাঁর বন্ধুও নয়, শত্রুও নয়। অবলীলায় তিনি বলে যান তাঁর মনে যা থাকে। গত ১০ বছরে এই পর্তুগিজ কোচ কিছু অনন্য বচনামৃত উপহার দিয়েছেন ফুটলপ্রেমীদের। বার্তা সংস্থা এএফপি আজ সেই উক্তিগুলোকে এক জায়গায় নিয়ে এসে মরিনহোকে উপস্থাপন করেছে অনন্য এক চরিত্র হিসেবেই। বিশ্বের অন্যতম সেরা কোচকে জানতে আসলে এই উক্তিগুলোর তুলনা হয় না:
উক্তি-১: ‘এর চেয়ে দুঃখের বিষয় আর কী হতে পারে! ম্যানচেস্টার ইউনাইটেড আজ এমন একটি দলের কাছে শোচনীয় হারের শিকার হলো যার বার্ষিক বাজেট ইউনাইটেডের মাত্র ১০ শতাংশ।’ ২০০৪ সালে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় পোর্তোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেড হেরে যাওয়ার পর পর্তুগিজ ক্লাবের কোচ মরিনহো সংবাদ সম্মেলনে এসে ঠিক এ কথাটিই বলেছিলেন।
উক্তি-২: ‘দয়া করে আমায় উদ্ধত বলবেন না। আমি উড়ে এসে জুড়ে বসা কেউ নই। আমি কোচ হিসেবে একটি দলকে ইউরোপ-সেরা বানিয়েছি (পোর্তো)। আমি নিজেকে “স্পেশাল ওয়ান” হিসেবেই মনে করি।’ ২০০৪ সালেই চেলসির কোচ হিসেবে তাঁর প্রথম সংবাদ সম্মেলনে নিজেকে এমন অভিধাই দিয়েছিলেন মরিনহো।
উক্তি-৩: ‘বার্সেলোনা আমাদের এক দুর্দান্ত প্রতিপক্ষ। আমি তাদের সম্মানই করি। আমি যদি বার্সাকে ঘৃণা করি, তাহলে সেটা তাদেরই সমস্যা, আমার নয়। আমি কাউকে ভয় পাই না। “ভয়” এমন একটি শব্দ, যা আমার ফুটবল অভিধানে নেই।’ ২০১০ সালে রিয়াল মাদ্রিদ কোচ হিসেবে নিজের প্রথম সংবাদ সম্মেলনে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা সম্পর্কে করা তাঁর সেই বিখ্যাত উক্তি।
উক্তি-৪: ‘আমি ইউরোপা লিগ জিততে চাই না। কোচ হিসেবে যদি আমাকে ইউরোপা লিগ নিয়ে কথা বলতে হয়, তাহলে সেটা হবে আমার জন্য হতাশাজনক এক ব্যাপার। আমি কখনোই চাই না আমার দলের খেলোয়াড়েরা এ প্রতিযোগিতাটি নিয়ে ভাবুক।’ ২০১৩ সালে চেলসি ইউরোপা লিগ জেতার পর কোচ রাফায়েল বেনিতেজকে ব্যঙ্গ করে। শোনা যায়, বেনিতেজের সঙ্গে মরিনহোর সম্পর্ক নাকি খুব ভালো নয়।
উক্তি-৫: ‘ম্যাচের আগে সংবাদ সম্মেলনটা আমার কাছে খেলারই অংশ। খেলার আগের দিন আমি যখন সংবাদ সম্মেলনে যাই, তখন মনে মনে আমি খেলাটা শুরু করেই দিই। ম্যাচ শেষ হওয়ার পরও সংবাদ সম্মেলনে এসেও আমি মনে করি, খেলাটা তখনো শেষ হয়ে যায়নি।’ ২০০৪ সালে ওয়ার্ল্ড সকার সাময়িকীকে এভাবেই গণমাধ্যমের মুখোমুখি হওয়ার মন্ত্রটা জানিয়ে রেখেছিলেন তিনি।