মরিনহোর পাশে ক্যাসিয়াস
গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে স্প্যানিশ লিগের শিরোপা জেতাতে পারলেও এবারের মৌসুমটা মোটেই ভালো যাচ্ছে না হোসে মরিনহোর। লিগের ১৬ ম্যাচ শেষে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ১৩ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ। গত শনিবার লিগের শেষ ম্যাচে এসপানিওলের সঙ্গে ২-২ গোলে ড্র করার পর দুয়োধ্বনিও শুনতে হয়েছে মরিনহোকে। এমন দুঃসময়ে এই পর্তুগিজ কোচ পাশে পাচ্ছেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের। মরিনহোর ওপর সব সময়ই খেলোয়াড়দের সমর্থন থাকবে বলে জানিয়েছেন রিয়ালের অধিনায়ক ইকার ক্যাসিয়াস।স্প্যানিশ লিগের শিরোপাটা যে প্রায় ধরাছোঁয়ার বাইরে চলে গেছে, সেটা নিজেই স্বীকার করে নিয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনহো। এমনকি এবারের মৌসুমে লা লিগার দ্বিতীয় স্থানটিও নিজেদের দখলে রাখতে পারেনি রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে আছে তারা। এই অবস্থায় গত শনিবার একেবারে নিচের সারির দল এসপানিওলের সঙ্গে ড্র করে বসেন মরিনহোর শিষ্যরা। নিজেদের মাঠে এই হতাশাজনক ফলের পর মরিনহোর উদ্দেশে দুয়োধ্বনি দিতে ছাড়েনি রিয়াল মাদ্রিদের সমর্থকেরা। তবে স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’ এখন এটা ভেবে একটু স্বস্তি পেতে পারেন যে, রিয়াল মাদ্রিদের খেলোয়াড়েরা এখনো তাঁর ওপর থেকে আস্থা হারায়নি। দলের সবার পক্ষ থেকে মরিনহোর প্রতি সমর্থনের কথা জানিয়েছেন অধিনায়ক ইকার ক্যাসিয়াস। তিনি বলেছেন, ‘আমরা নিঃসন্দেহে মরিনহোকে সমর্থন দিয়ে যাব। আমাদের খারাপ ফলটা শুধু রক্ষণভাগের খেলোয়াড় বা গোলরক্ষকের জন্য হয়নি; এটা হয়েছে কারণ আমরা প্রতিপক্ষকে অনেক সুযোগ দিয়েছি। এই মুহূর্তে পরিস্থিতি আমাদের অনুকূলে নেই। শেষ ম্যাচে আমরা দুই পয়েন্ট খুইয়েছি। আর আমরা বার্সেলোনার চেয়ে এত পিছিয়েও পড়তে পারি না।’ এখন অতীতের ব্যর্থতার কথা না ভেবে সামনের ম্যাচগুলোতে ভালো করার দিকেই মনোযোগ দিচ্ছেন ক্যাসিয়াস। তিনি বলেছেন, ‘এখন আমাদের চিন্তা করতে হবে মালাগার বিপক্ষে লিগের পরবর্তী ম্যাচের কথা। সেই ম্যাচে আমাদের জিততেই হবে।’গোল ডটকম