মরিনহোর পাশে রোনালদো
সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ‘স্পেশাল ওয়ান’ হোসে মরিনহোর। লা লিগার শিরোপাটা যে হাতছাড়া হয়ে যাবে, তা প্রায় নিশ্চিতই। রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক কয়েকটি ম্যাচে সমর্থকদের কাছ থেকে দুয়োধ্বনিও শুনতে হয়েছে পর্তুগিজ এই কোচকে। তবে এই হতাশাজনক পরিস্থিতিতে মরিনহো পাশে পাচ্ছেন রিয়াল মাদ্রিদের তারকা স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদোকে। কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য মরিনহোর সমালোচনা না করে সবাইকে একজোট থাকার আহ্বান জানিয়েছেন পর্তুগিজ এই স্ট্রাইকার।স্প্যানিশ লিগের মাঝ পর্যায়ে এসে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার থেকে ১৬ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ। এই পরিস্থিতিতে শিরোপা জয় যে প্রায় অসম্ভব, সেটা নিজেই স্বীকার করে নিয়েছিলেন মরিনহো। তবে এখন এই ব্যর্থতার কথা ভুলে বাকি শিরোপাগুলো জেতার দিকেই মনোযোগী হতে চান ক্রিস্টিয়ানো রোনালদো। আর এ জন্য মরিনহোর প্রতি সমর্থন জানানোর জন্য ভক্তদের আহ্বান জানিয়েছেন এ সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। তিনি বলেছেন, ‘সমর্থকেরা বুঝিয়ে দিয়েছে যে তারা রিয়াল মাদ্রিদের পারফরম্যান্সে অখুশি। কিন্তু এটাই যথেষ্ট হওয়া উচিত। আমি রিয়াল মাদ্রিদের সমর্থকদের উদ্দেশে বলছি, এখন তাদের এই দুয়োধ্বনি দেওয়া বন্ধ করা উচিত। কারণ তাদের এ ধরনের আচরণ মাঠে খেলোয়াড়দের পারফরম্যান্সের ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলে। আমরা যদি এখন কিংস কাপ ও চ্যাম্পিয়নস লিগ জিততে পারি, তাহলেও এই মৌসুমটা ভালোভাবে শেষ করতে পারব।’সমর্থকদের আস্থা অর্জনের জন্যই বোধ হয় শেষ দুটি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গত রোববার লা লিগার খেলায় রিয়াল সোলসিদাদের বিপক্ষে জোড়া গোলের পর গতকাল বুধবার কিংস কাপে সেল্টা ভিগোর বিপক্ষে হ্যাটট্রিক করেছেন এই তারকা স্ট্রাইকার। তাঁর এই হ্যাটট্রিকের সুবাদে ৪-০ গোলের জয় দিয়ে কিংস কাপের কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। রয়টার্স