মরিনহোর ফন গাল-স্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফন গাল
ফন গাল

ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচকে কেমন ‘সংবর্ধনা’ দেবেন হোসে মরিনহো? চেলসি কোচের তো কথার হুল ফোটানোর বেশ ‘সুনাম’ আছে। অবাক হলেও সত্যি, মরিনহো কিন্তু স্বাগত জানিয়েছেন লুই ফন গালকে। ডাচ কোচকে নিয়ে তাঁর নাকি কোনো উদ্বেগই নেই। উল্টো সমীহই করছেন।
অনেকেরই ধারণা ইউনাইটেডের দায়িত্ব যোগ্যতম লোকের হাতেই পড়েছে। কিন্তু মাঠের প্রতিদ্বন্দ্বীকে নিয়ে মরিনহো উদ্বিগ্ন নন, ‘উনি এখানে আসায় আমি চিন্তিত নই। ইউনাইটেডের সঙ্গে খেলার জন্য আমি অপেক্ষা করছি।’
মরিনহোরও সম্ভ্রমের সুরে কথা বলার কারণ আছে। ফন গাল বার্সেলোনার কোচ থাকার সময় মরিনহো ছিলেন তাঁর সহকারী। সে কারণেই ফন গালকে নিয়ে চেলসি কোচের মুগ্ধতা, ‘আমি তাঁকে সংবাদ সম্মেলনে দেখেছি। তিনি সৎ ও খোলামেলা। খুবই খুবই ভালো একজন কোচ, ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য ভালো কিছুই করতে পারবেন। আমরা দুজনেই ভালো কোচ।’
গুরু-শিষ্যের সম্পর্ক ছাড়িয়ে সম্পর্কটা যে বন্ধুতার সেটাও জানালেন চেলসি কোচ, ‘লুই ছিলেন বিশ্বকাপের সেরা কোচ। উনি আমার খুবই ভালো বন্ধু, সারা জীবনের বন্ধুর মতোই। তাঁর জন্য আমার বিশেষ শ্রদ্ধা।’ গুরুর প্রশংসায় উচ্ছ্বসিত স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’, ‘এখন তিনি ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন। কোচিং করানোর সময় হারজিত ঠিকভাবে সামলাতে পারলে আপনি উন্নতি করতে পারবেন। প্রতিটি অভিজ্ঞতাই তাঁকে ঋদ্ধ করছে। প্রতিদিন ভালো থেকে আরও ভালো করছেন।’
বোঝাই যাচ্ছে, চেলসি-ইউনাইটেড ম্যাচে কথার লড়াই দেখার সম্ভাবনা প্রায় নেই! গোলডটকম।