মরিনহোর ফার্গিকে ছোঁয়ার লক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপ্নবাজ মানুষ নির্দিষ্ট একটা মানদণ্ড সামনে রেখেই এগোতে ভালোবাসেন। হোসে মরিনহোর সেই মানদণ্ড হচ্ছেন স্যার অ্যালেক্স ফার্গুসন। ৭০ পেরিয়ে আগামী ডিসেম্বরেই ম্যানচেস্টার ইউনাইটেড কোচ পা দেবেন ৭১-এ। কিন্তু ডাগ-আউটে এখনো আগের মতোই প্রাণোচ্ছল। ইউনাইটেডের ‘৭০ বছর বয়সী তরুণ কোচ’ কবে অবসর নেবেন তা কেউ বলতে পারে না। মরিনহোও অনুসরণ করতে চান ফার্গিকেই। রিয়াল মাদ্রিদ কোচ কোচিং পেশায় নিজেকে নিয়োজিত রাখতে চান আরও ২০ বছর। ফার্গির সমকক্ষ হওয়া বা তাঁকে ছাড়িয়ে যাওয়াই তাঁর পরিকল্পনা।দেখতে দেখতে বেলা তাঁরও কম হলো না। আগামী জানুয়ারিতেই মরিনহো করে ফেলবেন বয়সের ‘হাফ সেঞ্চুরি’। ইতিমধ্যে অর্জনের পাল্লাটাও ভারী হয়েছে অনেক। ইতিহাসের চতুর্থ কোচ হিসেবে জিতেছেন ইউরোপের চারটি ভিন্ন লিগের শিরোপা। অন্য তিনজন টমিস্লাভ ইভিচ, আরনস্ট হ্যাপেল ও জিওভান্নি ত্রাপাত্তোনি। রিয়ালের হয়েও মরিনহোর সামনে রয়েছে আরেকটি অনন্য অর্জনের হাতছানি। রিয়ালকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে পারলে তিনিই হবেন ইতিহাসের প্রথম কোচ, তিনটি ভিন্ন ক্লাবের হয়ে হাত ছোঁয়াবেন চ্যাম্পিয়নস লিগের ট্রফিতে।বয়স ৫০ হতে চললেও ফুটবল খেলাটাকে এখনো আগের মতোই ভালোবাসেন। খেলাটার প্রতি আত্মনিবেদন এতটুকু কমেনি। মরিনহোর বিশ্বাস, খেলাটার প্রতি ভালোবাসা-আত্মনিবেদন অটুট বলেই ফার্গুসন এখনো কোচিং পেশায়, ‘আমি ভালোভাবেই বুঝতে পারছি এই ৭০ বছর বয়সেও অ্যালেক্স কেন এখনো কোচিং করিয়ে যাচ্ছেন। আমি মনে করি, আমার ক্ষেত্রেও এমনটাই হবে।’ব্রিটেনের স্কাই স্পোর্টস টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘ফুটবলকে আমি খুবই ভালোবাসি। কোচিংটাকেও। যখন আমি ৫০-এ পা দেব, তার পরও আমি তরুণই থাকব। আমার বিশ্বাস, সামনে অনেকটা সময়ই পড়ে আছে আমার।’ক্ষণস্থায়ী এই জীবনে ‘৫০’ এমন একটা সংখ্যা, যা মানুষের মনোজগৎকে ওলটপালট করে দেয়। মরিনহোর কথা, ‘পঞ্চাশ নিশ্চিতভাবেই সাংঘর্ষিক একটা সংখ্যা—এটা এমন একটা সংখ্যা, আমার বিশ্বাস অনেক সময়ই এটা মনস্তাত্ত্বিকভাবে অনেক মানুষের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। কারণ তারা অনুধাবন করে, পৃথিবীটা খুবই গতিশীল। কিন্তু আমাদের জীবন খুবই ছোট।’ তাঁর কাছে ৫০ সংখ্যাটা সামনে এগোনোর অনুপ্রেরণাও, ‘এ সংখ্যাটা আমাকে ভাবতে শেখায় এবং পেছনের দিকে তাকাতে শেখায়। আবার সামনের দিকেও তাকাতে শেখায়। ব্যক্তিগতভাবে আমি খুবই সুখী। কারণ আমি যা করেছি, সত্যিই তা বিস্ময়কর। এত কিছু দেওয়ার জন্য আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। কিন্তু একই সময়ে আমি ভবিষ্যতের দিকেও তাকাই। যেকোনো সময়ের চেয়ে আমি এখন ভালো বোধ করছি। প্রচুর অভিজ্ঞতার পাশাপাশি যেকোনো সময়ের চেয়ে শক্তিশালীও। আমার তো এমনও মনে হয় আমি পেশাদার জীবনটা সবে শুরু করলাম।’ ওয়েবসাইট।