মরিনহোর বাজি রোনালদো
কে পাবেন এবারের ফিফা ব্যালন ডি’অর? উত্তরটা পাওয়া যাবে আগামী জানুয়ারিতে, যখন এবারের বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটা দেবে ফিফা। সম্ভাবনার দৌড়ে জাভি-ইনিয়েস্তারাও আছেন। তবে জোর আলোচনা মেসি-রোনালদোকে ঘিরেই। আরও একটু স্পষ্ট করে বললে, আলোচনার পাল্লাটা যেন মেসির দিকেই ভারী। কিন্তু মেসি নন, হোসে মরিনহো এবারের ফিফা ব্যালন ডি’অরটা দেখতে চান তাঁরই শিষ্য ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে। শুধু দেখতেই চান না, রিয়াল মাদ্রিদ কোচ বলছেন, ফিফা ব্যালন ডি’অরটা এবার রোনালদো না পেলে সেটা হবে পরিহাস।‘যদি ক্রিস্টিয়ানো রোনালদো এবারের ব্যালন ডি’অরটা জিততে না পারে, সেটা শুধু এ জন্য নয় যে সে চমৎকার খেলেনি, আসল কারণ, সে ভাবমূর্তিটাকে বিক্রি করেনি’—গতকাল পর্তুগিজ ক্রীড়া দৈনিক এ বোলাকে দেওয়া সাক্ষাৎকারে একটা খোঁচাও মেরেছেন মরিনহো।কেন মেসি নন, ব্যালন ডি’অরটা রোনালদোরই প্রাপ্য, তার একটা ব্যাখ্যাও দাঁড় করিয়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ কোচ। তাঁর যুক্তি, ‘মেসি যে ক্লাবে বেড়ে উঠেছে, সেই ক্লাবেই খেলে এবং খেলছেও একই খেলোয়াড়দের সঙ্গেই। কিন্তু ক্রিস্টিয়ানো তা নয়। সে ইংল্যান্ডে ছিল। আমরা তাকে এমন একটা দলে নিয়ে এসেছি, যারা হারের মধ্যে ছিল।’ ভিন্ন পরিবেশ, ভিন্ন প্রতিযোগিতা, ভিন্ন ক্লাব, ভিন্ন সতীর্থ—কাজেই মানিয়ে নেওয়ার একটা ব্যাপার থাকেই। তবে মরিনহোর এর চেয়েও বড় যুক্তি, একজন উইঙ্গার হয়েও রোনালদো গোল করে যাচ্ছেন একজন জাত স্ট্রাইকারের মতো, ‘রোনালদো একজন উইঙ্গার, যে কিনা নয় নম্বরের মতো বেশি বেশি গোল করে যাচ্ছে। তা ছাড়া রোনালদো এমন একজন খেলোয়াড়, যে কারও সঙ্গে কিংবা কোনো কিছু নিয়েই প্রতিবাদ করে না।’পরিপূর্ণ ফুটবলার হিসেবেও মেসির চেয়ে রোনালদোকেই এগিয়ে রাখলেন মরিনহো, ‘মেসি হওয়ার চেয়ে ক্রিস্টিয়ানো হওয়াটা কঠিন।’ এএফপি।