মরিনহোর বার্সেলোনা পাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনার কাছ থেকে অনেক কিছুই শিখেছেন রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো। ভালো ফুটবলের পাঠ তো তিনি পেয়েছেনই, একই সঙ্গে মাঠের বাইরের আরও বেশ কিছু ইতিবাচক ব্যাপার কাতালানদের কাছ থেকে শেখার প্রক্রিয়ায় আছেন মরিনহো। এল ক্লাসিকোর আগে ন্যু ক্যাম্পে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন কথাই বলেছেন এই পর্তুগিজ কোচ।আগামী আট দিন দারুণ চাপে থাকতে হবে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের। এক সপ্তাহের মধ্যে দুটি এল ক্লাসিকোয় বার্সেলোনার মুখোমুখি হতে হবে রিয়াল মাদ্রিদকে। সেই সঙ্গে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে আগুনে ম্যাচটিও পড়েছে এই আট দিনের মধ্যেই। ব্যাপারটি নাকি রিয়ালের খেলোয়াড়েরা উপভোগই করছেন, এমনটাই মন্তব্য মরিনহোর। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, এমন চাপের পরিস্থিতি উপভোগ না করার কোনো বিকল্পও খেলোয়াড়দের সামনে নেই।এল ক্লাসিকোর আগ দিয়ে তিনি রেফারিং নিয়ে কথা বলতে চান না। ব্যাপারটি তিনি নাকি শিখেছেন চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার শিবির থেকেই। বলেছেন, খেলোয়াড়িসুলভ কিছু ব্যাপার আমি বার্সেলোনা দলের কাছ থেকে শিখেছি। এর মধ্যে আছে —ম্যাচের আগে ও পরে রেফারিং নিয়ে কিছু না বলা। ব্যাপারটি আমি কঠিনভাবে মেনে চলার চেষ্টা করছি।’ তিনি বলেন, ‘আমি রেফারিং নিয়ে কিছু বলব না। দর্শকদের নিয়েও কিছু বলব না। প্রতিপক্ষের খেলোয়াড়দের হলুদ কার্ডের খড়গের নিচে ফেলার কোনো কৌশলও আমি আর নেব না। এসব আমি বার্সেলোনার কাছ থেকে শিখেছি। ওদের কাছ থেকে আমি একই সঙ্গে নিয়েছি সুন্দর ফুটবলের পাঠও।’এল ক্লাসিকোকে সম্পূর্ণ অন্য ধরনের একটি প্রতিদ্বন্দ্বিতা বলেই মনে করেন হোসে মরিনহো। তাঁর মতে, এই ম্যাচে বার্সেলোনার সাম্প্রতিক নড়বড়ে ফর্ম, ন্যু ক্যাম্পে রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক সৌভাগ্য—কোনোকিছুই আজকের এল ক্লাসিকোর কোনো অনুষঙ্গ হয়ে দেখা দেবে না বলেই মনে করেন মরিনহো। তিনি বলেন, ‘রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার প্রতিদ্বন্দ্বিতা পুরোটাই বর্তমানের ওপর নির্ভর করে। নির্দিষ্ট দিনে যে ভালো খেলবে, এই ম্যাচে সে-ই জিতবে। এ ম্যাচের সঙ্গে অতীতের কোনো সম্পর্ক নেই।’ আজকের ম্যাচে রিয়ালের একাদশ নিয়েও সাংবাদকিদের কোনো তথ্য দেননি মরিনহো। রিয়ালের সমর্থকদের স্বস্তির কারণ হয়েছে করিম বেনজেমা ও জাবি আলোনসোর সুস্থতা। মরিনহো বলেন, এ ম্যাচটি সবাই খেলতে চায়। করিম বেনজেমা দলের সঙ্গে অনুশীলন করছে। জাবিও এখন সুস্থ। সম্প্রতি, ডেপোরটিভোর বিপক্ষে ব্রাজিলীয় প্লে-মেকার কাকাকে খেলিয়ে ফল পেয়েছে রিয়াল। ডেপোরটিভোর বিপক্ষে কাকা একটি দুর্দান্ত গোলেরও মালিক। গোল করিয়েছেন অন্যকে দিয়ে। মোটামুটি ফর্মে থাকা কাকা কি আজ এল ক্লাসিকোয় রিয়ালের প্রথম একাদশের অংশ হতে যাচ্ছেন—এমন প্রশ্নের জবাবেও হেঁয়ালি বেরিয়ে এল মরিনহোর মুখ থেকে।রহস্য করে বলেছেন, ‘ব্যাপারটি এমন নয় যে কাকা আজ খেলবে কি না, সেটা আমি বলতে চাচ্ছি না। তবে সত্যি কথাটা হলো কাকা আজ খেলবে কি নো, সেটা আমি নিজেও জানি না। আমি ব্যাপারটি নিয়ে এখনো ভেবে দেখিনি। সাধারণত, অন্যান্যবার আমি জানলেও তা আমি বলি না। কিন্তু এবার আমি সত্যিই জানি না যে কাকা আজ রাতে আদৌ খেলবে কি না!’