মরিনহোর মুখে হাসি, চোখে জল
এই শিরোপার জন্যই চেলসির চাকরি চলে গিয়েছিল তাঁর। গতকাল শনিবার ইন্টার মিলানকে চ্যাম্পিয়নস লিগের শিরোপা এনে দেওয়ার পর তাই খুশিতে আত্মহারা হয়ে যাওয়ার কথা হোসে মরিনহোর। হ্যাঁ, ইন্টার সমর্থক-ফুটবলারদের সঙ্গে আনন্দে ভেসেছেন তিনি। তার পরও নিজের বেদনা আড়াল করতে পারেননি পর্তুগিজ এই কোচ। ইন্টারকে বিদায় জানাতে হচ্ছে বলে এত আনন্দ উত্সবের মাঝেও অশ্রু দেখা গেছে মরিনহোর চোখে!দুই বছর আগে দায়িত্ব নেওয়ার পর থেকে নিজের মতো করে দলকে তৈরি করেছেন মরিনহো। ব্যর্থ হননি তিনি। তাঁর গড়া ইন্টার দলকে হারানো যেকোনো দলের জন্য কঠিন। তার পরও সাম্প্রতিক সময়ে ক্লাবের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছিল না মরিনহোর। মিডিয়া ও সমালোচকদের সমালোচনায় একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন এই কোচ। ইন্টার ছেড়ে মরিনহো রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিতে যাচ্ছেন বলে বেশ কয়েক দিন থেকে গুঞ্জন চলছিল। গতকাল ৪৫ বছরের অধরা শিরোপা এনে দেওয়ার পর ইন্টারকে বিদায় জানানোর প্রসঙ্গটি না এনে পারেননি মরিনহো। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত মরিনহো বলেন, ‘আমি ইন্টার ছেড়ে চলে যাচ্ছি। অন্য কোথাও গেলে আমার ক্যারিয়ারে বড় ধরনের পরিবর্তন আসবে, এমনটা নয়। আসলে আমি যেমন ইন্টারকে ছাড়তে যাচ্ছি, ক্লাবও ঠিক একইভাবে বিদায় জানাতে চেয়েছে।’রিয়ালের সঙ্গে এখনো আলোচনা হয়নি উল্লেখ করে মরিনহো বলেন, ‘খুব দ্রুত রিয়ালের সঙ্গে এ নিয়ে কথা বলব। আমি এখন পর্যন্ত ইন্টারের কোচ। ইন্টারের হয়ে কাজ করতে পেরে আমি গর্বিত। এখানের স্মৃতি ভুলে যাওয়ার মতো নয়।’শিরোপা এনে দিয়ে ইন্টার মিলানের প্রেসিডেন্ট মাসিমো মোরাত্তির সঙ্গে মরিনহো যেভাবে কোলাকুলি করলেন তাতে যেন বিদায় মুহূর্তের আগাম প্রতিচ্ছবি ফুটে উঠল। মরিনহো অবশ্য এ আলিঙ্গনের সঙ্গে বিদায়ের প্রসঙ্গটি জড়িত করতে চান না। তিনি বলছেন, ‘আসলে অন্য রকম এক অনুভূতিতে আলিঙ্গনে আবদ্ধ হয়েছিলাম আমরা। আমি যখন চেলসির দায়িত্বে ছিলাম, তখনই ইন্টারের প্রেসিডেন্ট আমাকে এখানে আনতে চেয়েছিলেন। আমার মনে হয়, আমি অন্তত তাঁর একটি স্বপ্ন পূরণ করতে পেরেছি।’