মরিনহোর মুণ্ডুপাত চলছেই

এল ক্লাসিকো মানে রিয়াল-বার্সা দ্বৈরথ, প্রতিদ্বন্দ্বিতার আগুনে পুড়েও যা সবুজ মাঠে সুন্দর ফুটবলের আবেশ ছড়ায়। কিন্তু তিন বছর আগে হোসে মরিনহো রিয়ালের দায়িত্ব নেওয়ার পর এল ক্লাসিকো যেন রূপ নেয় তীব্র-তীক্ষ এক লড়াইয়ে, যা দুই দলের স্নায়ুর ওপর ফেলে প্রচণ্ড চাপ। বেশ কিছু কদর্য ঘটনা মলিন করেছে ফুটবলকে। গত সপ্তাহে রিয়ালকে ছেড়ে গেছেন মরিনহো, কিন্তু তাঁকে নিয়ে সমালোচনা থেমে নেই। বার্সেলোনা মিডফিল্ডার জাভি ও ইনিয়েস্তা এখনো ‘স্পেশাল ওয়ানে’র সমালোচনায় মুখর।
স্পেন ও বার্সেলোনার মিডফিল্ডার জাভি বার্সেলোনার ক্রীড়া দৈনিক স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘মানুষ যেন এটা মনে না করে, মরিনহোকে আমি সব সময় উদ্দেশ্যপ্রণোদিতভাবে আক্রমণ করি। কিন্তু এটা পরিষ্কার, তাঁর ফুটবলের ধরনটা আমার পছন্দ নয়।’ মরিনহোর রিয়ালে তারকাদ্যুতির অভাব ছিল না, যদিও জিদান, ফিগো, বেকহাম, রবার্তো কার্লোসদের সেই তারকাপুঞ্জের তুলনায় এটি অনুজ্জ্বল। সেই পুরোনো মাদ্রিদ দলটির খেলায় মুগ্ধ ছিলেন জাভি, ‘মাদ্রিদের গ্যালাকটিকোস আমাকে আচ্ছন্ন করে রেখেছিল। আমি তাদের খেলা দেখার জন্য অধীর হয়ে থাকতাম। কারণ তাদের খেলার ধরন ছিল, একটা ভাবনা ছিল। কিন্তু মরিনহোর রিয়ালের এসবের কিছুই ছিল না। এই দলটি মাদ্রিদে ভবিষ্যতের জন্য কোনো ধারা রেখে যেতে পারেনি।’

জাভি তা-ও একটু রেখে-ঢেকে কথা বলেছেন, কিন্তু তাঁর সতীর্থ ইনিয়েস্তা মরিনহোকে রীতিমতো অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। মরিনহো স্প্যানিশ ফুটবলের ক্ষতি করেছেন কি না এমন প্রশ্নের জবাবে ইনিয়েস্তা এল পাইসকে বলেছেন, ‘আপনাকে সত্যটা দেখতে হবে। হ্যাঁ, তিনি স্প্যানিশ ফুটবলের অনেক ক্ষতি করেছেন। ভালোর চেয়ে খারাপই করেছেন বেশি। কিন্তু আমি ওই লোকটিকে নিয়ে কথা বলতে একদমই পছন্দ করি না। তাই কিছু না মনে করলে, বিষয়টি এখানেই আমরা শেষ করতে পারি।’ এএফপি, ওয়েবসাইট।
