মরিনহোর রিয়ালই সেরা!
ডি স্টেফানো-পুসকাস-জেনতো-কোপার রিয়াল মাদ্রিদ নয়। নয় জিদান-রোনালদো-বেকহাম-ফিগোদের সময়ে তারায় তারায় খচিত রিয়ালও। সান্তিয়াগো বার্নাব্যুর ইতিহাসে সেরা দলটা ছিল হোসে মরিনহোর সময়ে! দাবিটা করেছেন খোদ মরিনহো।
নিজের সময়ের দলটাকেই রিয়াল মাদ্রিদের ইতিহাসে সেরা বলেছেন। একই রকম দাবি প্রথম দফায় পাওয়া তাঁর চেলসির দলটিকে নিয়েও।
তাঁর দল সব সময় রক্ষণাত্মক খেলে—পরশু ইএসপিএনে এক সাক্ষাৎকারে এমন সমালোচনা শুনেই খেপে গেলেন চেলসি কোচ, ‘মাঝে মাঝে একটা মিথ্যা কথা লেখা হয় আর বোকারা সেটা সত্য বলে ধরে নেয়।’ কেন মিথ্যা সেটা প্রমাণ করার জন্য টেনে আনলেন ইতিহাস আর পরিসংখ্যান, ‘রিয়াল মাদ্রিদ কি রক্ষণাত্মক দল ছিল? আমরা ১২১ গোল করেছি, ১০০ পয়েন্ট পেয়েছি। আমার চেলসি কি রক্ষণাত্মক দল ছিল? প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি পয়েন্টের রেকর্ড তো তার পরও ওদেরই দখলে (৯৫ পয়েন্ট)।’ পরিসংখ্যানে এমন সমর্থন পেয়ে মরিনহো যেন দেখা দিলেন পরিচিত চেহারায়, ‘রিয়াল মাদ্রিদের ইতিহাসে সেরা দলটার কোচ কে ছিল? আমি। ১০০ পয়েন্ট, ১২১ গোল, ইতিহাসের সেরা বার্সেলোনার দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে চ্যাম্পিয়ন। আমার দলগুলোই সেরা। গোলের সব রেকর্ড আমার দলের। আমি রেকর্ড করা লিগের চ্যাম্পিয়ন। ইতিহাসে এটাই আমার অবস্থান।’ ওয়েবসাইট।