মরিনহোর সহকারী হতেন না জিদান!
অনুশীলনে, ম্যাচের সময় ডাগ-আউটে—কার্লো আনচেলত্তির সার্বক্ষণিক সঙ্গী জিনেদিন জিদান। সহকারী কোচের এই দায়িত্বে কি হোসে মরিনহোর সময় আসতে পারতেন না? ফ্রান্সের সাবেক প্লে-মেকার বলছেন, না, সহকারী হিসেবে কাজ করার মতো সহজ সম্পর্ক মরিনহোর সঙ্গে তাঁর ছিল না।
‘কার্লো আনচেলত্তির সঙ্গে সবকিছু স্বাভাবিকভাবেই হয়েছে। (রিয়ালে) যোগ দেওয়ার কয়েক দিন আগে আমি ফোনে তাঁর সঙ্গে কথা বলে সবকিছু ঠিক করে ফেলি। এটা তাঁর জন্য, আমার জন্য এবং ক্লাবের জন্য ভালো হয়েছে। কিন্তু আমি যাকে ভালোভাবে জানি না, তার সঙ্গে কাজ করতে আগ্রহী ছিলাম না। যেমন মরিনহো, কখনোই তার সহকারী হিসেবে আমি কাজ করতে চাইতাম না। তা ছাড়া তার একজন সহকারীও ছিল। তার ডান হাত হওয়াটা তাই সঠিক কাজ হতো না’—ক্যানাল প্লাস টিভিকে বলেছেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়ের নায়ক জিদান।
গত বছর রিয়াল ছেড়ে যাওয়া মরিনহোর সঙ্গে ক্লাবের দুই খেলোয়াড় ইকার ক্যাসিয়াস এবং সার্জিও রামোসের সম্পর্ক খারাপ হওয়ার কথা শোনা গিয়েছিল। তবে তাঁর সঙ্গেও যে সম্পর্কটা সহজ ছিল না, এই প্রথম জানালেন জিদান। ওয়েবসাইট।