মরিনহোর হাতে পড়লে...
মরিনহোর হাতে পড়লে নেইমারের ক্যারিয়ারের ওপর পড়ত নেতিবাচক প্রভাব! নেইমারের ক্লাব সান্তোসের সভাপতি লুইস আলভারো ডি অলিভেইরা রিবেরো অন্তত বলছেন সেটাই। নেইমারকে মনে করা হচ্ছে ফুটবল-বিশ্বের সমকালীন সেরা তরুণ প্রতিভা। ব্রাজিলের ২০ বছর বয়সী তারকাকে দলে পেতে সার বেঁধে দাঁড়িয়েছে বার্সেলোনা, চেলসি, রিয়াল মাদ্রিদের মতো বিশ্বখ্যাত ক্লাবগুলো। গত বছর হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদ নেইমারের সঙ্গে চুক্তির বিষয়ে অনেক দূর এগিয়েও গিয়েছিল। প্রচেষ্টায় সফল হলে নেইমার এখন থাকতেন রিয়ালেরই একজন। তাহলে ক্রিস্টিয়ানো রোনালদোসহ স্বদেশি কাকা, মার্সেলোদের সঙ্গে এখন কোচিং-দীক্ষা নিতেন মরিনহোর কাছ থেকেই। কিন্তু সব আলোচনায় জল ঢেলে নেইমার চুক্তি নবায়ন করে থেকে গেছেন সান্তোসেই।এত দিন পর রিয়ালের পর্তুগিজ কোচের সমালোচনা করে রিবেরো বলছেন, মরিনহোর কোচিং-নীতি নেইমারের সামর্থ্যে নেতিবাচক প্রভাব ফেলত এবং তাঁর ভবিষ্যতের জন্যই সেটা হতো ক্ষতিকর! ‘কল্পনা করুন, নেইমারের কোচ হচ্ছেন মরিনহো, যাঁর কাছে শৃঙ্খলাটাই আসল। এতে বিশ্বের অন্যতম সেরা একটি প্রতিভা শেষ হয়ে যেত’—মরিনহোকে সরাসরিই আঘাত করেছেন সান্তোসের সভাপতি।নেইমারের সঙ্গে চুক্তির বিষয়ে রিয়ালের আলোচনাটা হয়েছিল রিবেরোর সঙ্গেই। সেই সময়ের বর্ণনা দিতে গিয়ে রিবেইরো ব্যান্ডস্পোর্টসকে বলেছেন, ‘যখন একা থাকতাম, বিষয়টা চিন্তা করে আমি কেঁপে উঠতাম। আমি ভাবতেই পারতাম না নেইমারের পরিণাম কী হবে।’২০১৪ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়ন করে নেইমার অবশ্য দ্রুতই রিবেরোকে দুশ্চিন্তামুক্ত করেন। ২০১৪ বিশ্বকাপের পর সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ ফুরিয়ে গেলে কী হবে? রিয়াল নয়, নেইমারের সঙ্গে চুক্তির দৌড়ে এগিয়ে আছে বার্সেলোনা! ওয়েবসাইট।