মরিনহোর ‘নীরবতা’
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। মাঠে গড়াবে রিয়াল-বার্সার এল ক্লাসিকো! ফুটবল বিশ্বের দৃষ্টি এখন সেদিকেই। দুই স্প্যানিশ জায়ান্ট সমর্থকদের মধ্যে তপ্ত বিতর্ক, কার জয় হবে আজ রাতের এল ক্লাসিকোয়। এ উত্তাপে ‘নীরবতা’ পালন করে নতুন মাত্রা যোগ করলেন রিয়াল মাদ্রিদের ম্যানেজার হোসে মরিনহো।এল ক্লাসিকোর আগে নির্ধারিত সংবাদ সম্মেলনে এসেছিলেন মরিনহো ও তাঁর সহকারী। কিন্তু কোনো কথাই বলেননি রিয়াল কোচ। ভাবলেশ-শূন্য মুখে মরিনহো শুধু তাকিয়ে থাকেন। সব প্রশ্নের জবাব দেন সহকারী এইতোর কার্নকা। মরিনহোর নীরবতার প্রতিবাদে সংবাদ সম্মেলন কক্ষ ত্যাগ করেন স্থানীয় প্রায় ৩০ জন সাংবাদিক।কিন্তু কেন মরিনহোর এ নীরবতা? প্রশ্নটার জবাব দিয়েছেন তাঁর সহকারী, ‘কোচ যখনই কিছু বলেন, তা ফুলিয়ে-ফাঁপিয়ে প্রচার করা হয়। তিনি চান না, ম্যাচের আগ মুহূর্তে তাঁর বক্তব্যের কারণে বাড়তি উত্তাপ ছড়াক।’ রয়টার্স।