মরিনহোর ‘সাধারণ চাওয়া’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে নীরবতা ভেঙেছেন হোসে মরিনহো। পাঁচ ম্যাচ নিষিদ্ধ হওয়ার পর থেকে যেন উধাও হয়ে গিয়েছিলেন। পরশু আবার শোনা গেল রিয়াল মাদ্রিদ কোচের কণ্ঠ। মৌসুমজুড়ে সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন সমর্থকদের। আর জানিয়েছেন ‘খুব সাধারণ’ একটা চাওয়া। ‘স্পেশাল ওয়ান’-এর সাধারণ চাওয়া কি আর ‘সাধারণ’ হতে পারে? যথারীতি ওই সাধারণ চাওয়াটাতেই আছে খোঁচা আর ক্ষোভের ইঙ্গিত। মরিনহোর চাওয়া, আগামী মৌসুমে ‘বর্ণবাদবিরোধী প্রচারণা’, ‘ফেয়ার প্লে’-জাতীয় ব্যাপারগুলো যেন শুধু কথায় না থেকে কাজেও দেখা যায়!আলমেরিয়াকে গোলবন্যায় ভাসিয়ে মৌসুম শেষ করেছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় টানা দুই মৌসুমে করেছে গোলের সেঞ্চুরি। বার্নাবু্যুতে প্রথম মৌসুম শেষে পর্তুগিজ কোচের প্রতিক্রিয়া, ‘মৌসুম শেষ হয়েছে, দল ও কোচিং স্টাফের প্রতি সমর্থন ও ভালোবাসার জন্য সমর্থকদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা ক্লাবের প্রতি নিবেদিত হয়ে কাজ করেছি, তবে দল কেমন করেছে, এর মূল্যায়ন অবশ্যই আপনারা করবেন। এই একই রকম আবেগ ও উৎসাহ নিয়ে আমরা আবার ফিরব রিয়াল মাদ্রিদের সম্মান ও অতুলনীয় ইতিহাসকে আরও উঁচুতে তুলে নিতে।’এর পরই মরিনহোর কণ্ঠে সেই চাওয়া, ‘আমি শেষ করতে চাই সাধারণ একটি চাওয়া দিয়ে, আমরা যেন পরের মৌসুমে কখনোই ভোলা উচিত নয় খেলাটার এমন কিছু মূল নীতিকে ফিরে পাই। যা আমাদের খেলাটার মূল চেতনা হওয়া উচিত, সেটি এই মৌসুমে কিছু ফুটবলার ও কিছু প্রতিষ্ঠান (ক্লাব) মাঝেমধ্যে ভুলে গেছে। ফেয়ার প্লের কথা বলা, প্রতিপক্ষকে সম্মান করা, বর্ণবাদকে ‘‘লাল কার্ড’’ দেখানো—এসব শুধু মুখের বুলি হলে হবে না, বাস্তবেও প্রতিফলন থাকতে হবে। আমি আবার বলছি, পরের মৌসুমে আমরা যেন খেলাটার মৌলিক নীতিগুলোকে পুনরুদ্ধার করতে পারি।’কারও বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে ইঙ্গিতটা বার্সেলোনার দিকে। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনার বিপক্ষে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মরিনহোকে। ম্যাচ শেষে দুই দলই একে অন্যের বিরুদ্ধে উয়েফার কাছে অভিযোগ জানায়। সেমিফাইনালের দ্বিতীয় লেগে বার্সা মিডফিল্ডার বুসকেটস রিয়াল ডিফেন্ডার মার্সেলোর সঙ্গে বর্ণবাদী আচরণ করেছেন বলে গুরুতর অভিযোগও তোলে। উয়েফা অবশ্য উপযুক্ত প্রমাণের অভাবে অভিযোগটি বাতিল করে দেয়। ওয়েবসাইট।