মরিনহোর ‘হুমকি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ বছরের ব্যবধান অনেকখানিই বদলে দিয়েছে মরিনহোকে। দ্বিতীয় দফায় চেলসির কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর সবচেয়ে বেশি নজরে পড়ছে তাঁর চুলগুলো। বেশ ভালোই পাক ধরেছে মরিনহোর চুলে। স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’ কি তাহলে বুড়োই হয়ে যাচ্ছেন? না, বরং পাকা চুলগুলোই আরও ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে। অন্তত মরিনহো এমনটাই মনে করছেন। আর ইতালি, স্পেন ঘুরে যে তিনি আরও পরিপক্ব হয়ে উঠেছেন, সেটাই প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোকে স্মরণ করিয়ে দিয়েছেন এই পর্তুগিজ কোচ।২০০৪ সালে প্রথমবারের মতো চেলসির কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন মরিনহো। চ্যাম্পিয়নস লিগটা জেতা না হলেও চেলসির ৫০ বছরের শিরোপা-খরা ঘুচেছিল মরিনহো জাদুতেই। টানা দুই মৌসুম ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা এনে দিয়েছিলেন চেলসিকে। ২০০৭ সালে স্ট্যামফোর্ড ব্রিজ ছেড়ে পাড়ি জমান ইতালিতে। তারপর স্পেন ঘুরে আবার ফিরেছেন ইংল্যান্ডের শীর্ষস্থানীয় এই ক্লাবটিতে। গত পাঁচ বছরে দুটি ভিন্ন দেশে কোচিংয়ের অভিজ্ঞতাটা এবার অনেক কাজে দেবে বলেই মনে করছেন মরিনহো, ‘সাদা চুলগুলো আমার ক্ষেত্রে খুবই ভালো লক্ষণ, কারণ এর মানে আমি আগের থেকে আরও ভালো অবস্থায় আছি। আমার কাজটা এমন, যেখানে অভিজ্ঞতাটা অনেক বড় ব্যাপার। চেলসি ছাড়ার পর আমি ইউরোপে ঘুরেছি। দুই বছর ইতালিতে, তিন বছর স্পেনে। কাজেই এখানকার ফুটবল সংস্কৃতিটা আমি ভালো বুঝতে পারি। আগের চেয়ে আমি এখন অনেক বেশি অভিজ্ঞ।’ বোঝাই যাচ্ছে, প্রতিপক্ষ কোচদের একটা হুমকিই দিয়ে রাখছেন ‘স্পেশাল ওয়ান’!২০০৪ সালে প্রথম দফায় চেলসির দায়িত্ব নিয়ে নিজেই নিজেকে এই স্পেশাল ওয়ান উপাধিটা দিয়েছিলেন মরিনহো। এবার তিনি নিজেকে দাবি করেছেন ‘হ্যাপি ওয়ান’ বলে। তবে এই ‘খুশি’টা ধরে রাখার জন্য শিষ্যদের সাহায্য-সমর্থনও যে খুব করেই দরকার, সেটাও স্বীকার করেছেন তিনি, ‘দলের প্রথম হারের আগ পর্যন্ত আমি খুবই খুশি থাকব। আমার খুবই খারাপ লাগে যখন দলকে হারতে দেখি। আমার খুশি ধরে রাখার ব্যাপারটা নির্ভর করছে খেলোয়াড়দের ওপর।’মরিনহোর এই হাসিখুশি মেজাজ চেলসির খেলোয়াড়েরা ধরে রাখতে পারবেন কি না, সেটাই দেখার বিষয়।