মরিনহোয় ম্যারাডোনা, গার্দিওলায় মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাপারটা একটু অদ্ভুত। একদিক দিয়ে বলতে গেলে ফুটবলদর্শনে দুজনের বাস দুই মেরুতে। ডিয়েগো ম্যারাডোনা নেতৃত্ব দিয়েছেন আক্রমণাত্মক সুন্দর ফুটবলের। হোসে মরিনহো সাফল্যপিয়াসী, সাফল্যের জন্য সুন্দর ফুটবল জলাঞ্জলি দিতেও দ্বিধা নেই। সেই মরিনহোরই কিন্তু গুণমুগ্ধ ম্যারাডোনা। পর্তুগিজ এই কোচের প্রতি নিজের মুগ্ধতার কথা সময় পেলেই ম্যারাডোনা জানিয়ে দেন। আল ওয়াসলের কোচ জানালেন আবারও।আগামী পরশু আরব আমিরাত লিগে অভিষেক হতে যাচ্ছে ম্যারাডোনার। নিজেদের মাঠে আল ওয়াসল খেলবে শারজাহর বিপক্ষে। এই ম্যাচের আগে দুবাইতে আয়োজিত সংবাদ সম্মেলনে ম্যারাডোনার মুখে আবারও মরিনহোর প্রশংসা, ‘রিয়াল মাদ্রিদের প্রতিটা ম্যাচ দেখার পর এখন যে কেউ এই উপসংহারে আসতেই পারে, মরিনহোই সেরা। হয়তো খুব বেশি ও এগিয়ে নেই, তার পরও তাকে সেরা বলতেই হবে।’মুগ্ধ ম্যারাডোনা আর্জেন্টিনার কোচ থাকার সময় মরিনহোর সঙ্গে একাধিকবার মুখোমুখি বসেছিলেন। মরিনহোর কাছে কৌশল ধারও করেছেন। যদিও শেষ পর্যন্ত খুব একটা কাজে আসেনি মরিনহো-দাওয়াই। বাজে রক্ষণ ডুবিয়েছে ম্যারাডোনার দলকে, জার্মানির কাছে ৪ গোলে বিধ্বস্ত হয়ে বিশ্বকাপ থেকে আর্জেন্টিনার বিদায়।ম্যারাডোনা যখন মরিনহোয় মুগ্ধ, তখন এই সময়ের সেরা কোচ হিসেবে লিওনেল মেসি বেছে নিলেন পেপ গার্দিওলাকে। ২০০৮ সালে ফ্রাঙ্ক রাইকার্ডের কাছ থেকে দায়িত্ব নেওয়ার পর গার্দিওলা টানা তিনবার লিগ জিতিয়েছেন বার্সাকে, দুবার জিতিয়েছেন চ্যাম্পিয়নস লিগ। এক বছরে ছয় ছয়টি প্রধান শিরোপা জেতার অনন্য কীর্তিও গড়েছেন। মেসি বলছেন, ‘গার্দিওলা না থাকলে বার্সেলোনা হয়তো আজকের বার্সেলোনা হতো না।’সে যা-ই হোক, আগামী মাসে ৫১ পূর্ণ হতে যাওয়া ম্যারাডোনা দুবাইয়ের সংবাদ সম্মেলনে কথা বলেছেন জামাই আগুয়েরোকে নিয়েও। অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে আগুয়েরোকে ম্যানচেস্টার সিটিতে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনিই। ম্যান সিটির হয়ে অভিষেকেই জোড়া গোলের পর ইংলিশ লিগে গত ম্যাচে হ্যাটট্রিক করেছেন। সব মিলে লিগে চার ম্যাচে ৬ গোল—শ্বশুরের পরামর্শটা শুনে খুব ভালো কাজই করেছেন আগুয়েরো।‘অ্যাটলেটিকো মাদ্রিদের লোকজন বলতে শুরু করল, আমি আসলে বোকা। কিন্তু ওদের বললাম, এই বোকা লোকটা ততটা বোকা নয়। কারণ, আগুয়েরো ম্যান সিটির মতো একটা ক্লাবের হয়ে খেলছে, যারা সবগুলো শিরোপার জন্যই লড়াই করবে। কিন্তু অ্যাটলেটিকোতে ও এমন একটা দলের হয়ে খেলছিল, যারা বড় শিরোপার জন্য লড়াই-ই করছিল না’—বলেছেন ম্যারাডোনা। ওয়েবসাইট।