
আগামী ১১ জুলাইয়ের মধ্যে তাঁকে অলিম্পিক গলফ র্যাঙ্কিংয়ে ৬০-এর মধ্যে থাকতে হবে। কিন্তু আজ যদি আফ্রো-এশিয়া ব্যাংক ওপেনে চ্যাম্পিয়ন হয়ে যান সিদ্দিকুর রহমান, তাহলে আর কোনো সমীকরণই মেলানোর প্রয়োজন পড়বে না। আগামী আগস্টে শুরু রিও ডি জেনিরো অলিম্পিকে সরাসরি খেলার টিকিট পেয়ে যাবেন বাংলাদেশের সেরা গলফার।
সেই প্রত্যাশার চাপ হয়তো মরিশাসে চলমান আফ্রো-এশিয়া ব্যাংক ওপেনে একটু হলেও থাকবে সিদ্দিকুরের ওপর। কিন্তু সব চাপ উপেক্ষা করে নিশ্চয়ই ইতিহাস গড়তে চাইবেন সিদ্দিকুর। চাইবেন নিজের স্বাভাবিক খেলাটা খেলে চ্যাম্পিয়ন হতে। কাল তৃতীয় দিেন অবশ্য ৩ শট কম খেলে শীর্ষে উঠে এসেছেন সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে তিনি ৭ শট কম খেলেছেন। কাল সিদ্দিকুর ৪টি বার্ডি করেছেন, বগি করেছেন ১টি। পারের চেয়ে ৬ শট কম খেলা কোরিয়ান গলফার জিউংগুন ওয়াং সিদ্দিকুরের ঘাড়ে নিশ্বাস ফেলছেন।
কাল ম্যাচ শেষে এশিয়ান ট্যুর ওয়েবসাইটকে সিদ্দিকুর বলেছেন দিনটি তিনি দারুণ উপভোগ করছেন, ‘আমি সত্যি আজ খেলাটা উপভোগ করেছি। এটা আমার জন্য খুবই বিশেষ একটা দিন ছিল। আমি আজ খুব ভালো শট খেলেছি, বিশেষ করে ১৬তম হোলে দারুণ খেলেছি। নতুন ড্রাইভার দিয়ে খেলছি বলে এই সপ্তাহটা ভালো কাটছে। আমি আসলে কোনো চাপই নিচ্ছি না।’