মরিসন বনাম জাহিদ-এমিলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই দলের সেই ধ্রুপদি লড়াই এখন সোনালি অতীতের স্মৃতি। তবু নামের ভারেই এটা এখনো বড় ম্যাচ। সেই ‘বড় ম্যাচের’ আগে কাল অনুশীলনে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান ও আবাহনী ষ প্রথম আলো
দুই দলের সেই ধ্রুপদি লড়াই এখন সোনালি অতীতের স্মৃতি। তবু নামের ভারেই এটা এখনো বড় ম্যাচ। সেই ‘বড় ম্যাচের’ আগে কাল অনুশীলনে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান ও আবাহনী ষ প্রথম আলো

মরিসনের কাছে বল যাচ্ছে, আর গোলে শট নিচ্ছেন একের পর এক। এটা আবাহনীর অনুশীলনের মূল আকর্ষণ।
এমিলি-জাহিদের যুগলবন্দী আরও জোরালো করতে চলল নিবিড় অনুশীলন। এটা মোহামেডানের  অনুশীলনে সবচেয়ে নজরকাড়া দৃশ্য।
দুই চিরপ্রতিদ্বন্দ্বী আজ সন্ধ্যা ছয়টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুখোমুখি। সাম্প্রতিক বছরগুলোয় আবাহনী-মোহামেডান ম্যাচ আর আলোড়ন তোলে না। সে সবারই জানা। এই ম্যাচটাও তাই। তার পরও আবাহনী-মোহামেডান লড়াই অলক্ষ্যে হাজির করে অতীতের সোনালি দিন।
ফেডারেশন কাপে নিজেদের প্রথম ম্যাচ জিতেই দুই দল উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। আজ দুই দলের সাক্ষাতে ঠিক হবে গ্রুপ চ্যাম্পিয়ন। গ্রুপসেরা হতে দুই দল মরিয়া। কেননা গ্রুপ চ্যাম্পিয়ন না হলে কোয়ার্টার ফাইনালে খেলতে হবে শক্তিশালী শেখ জামালের সঙ্গে। শেষ আটে চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ তুলনামূলক অনেক সহজ ফেনী সকার। আবাহনী-মোহামেডান তাই আজ জয় ছাড়া কিছুই ভাবছে না।
ম্যাচটা আসলে অনেকটা রূপ নিয়েছে ওসেই মরিসন আর জাহিদ-এমিলির লড়াইয়ে। মরিসন গত মৌসুমে এই মোহামেডানের জার্সি গায়েই করেছেন লিগ-সর্বোচ্চ ১২ গোল। এবার ঘানাইয়ান স্ট্রাইকার আবাহনীর জার্সি গায়ে ফেডারেশন কাপের প্রথম ম্যাচেই করেছেন হ্যাটট্রিক। আজও তিনি আবাহনীর মূল অস্ত্র।
সেটি জানেন বলেই কাল অনুশীলনের পর মরিসন বলছিলেন, ‘আমি জানি আবাহনী আমার কাছে গোল চায়। মোহামেডানের বিপক্ষেও গোল পেতে চাই আমি।’ সাবেক দলের বিপক্ষে খেলা, মরিসন বাড়তি উদ্দীপ্ত। আবাহনী-মোহামেডান ম্যাচের গুরুত্বটাও তাঁর অজানা নয়, ‘এই ম্যাচটা আমি গত মৌসুমে খেলেছি মোহামেডানের হয়ে। আমি জানি এটি স্পেশাল ম্যাচ।’

মোহামেডানের অস্ত্র হতে পারেন উইঙ্গার জাহিদ ও স্ট্রাইকার এমিলি। এই ফেডারেশন কাপে পরশু মোহামেডান রহমতগঞ্জকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে এই দুজনের কল্যাণেই। হ্যাটট্রিক করেছেন এমিলি। নিজে একটি গোল করার পাশাপাশি বাকি চারটি গোলেও জাহিদ রেখেছেন ভূমিকা। আবাহনীর বিপক্ষে তাঁরা দুজনই তেতে আছেন নিজেদের তুলে ধরতে। জাহিদ বলছেন, ‘জানপ্রাণ দিয়ে খেলব।’ এমিলির কথা, ‘আবাহনীর বিপক্ষে গোল করে দলকে জেতাতে চাই।’

আবাহনী-মোহামেডান ম্যাচে কেউই ফেবারিট নয়। তবে আক্রমণভাগে মোহামেডান খানিকটা এগিয়ে। যদিও তাদের বিদেশিদের চেয়ে আবাহনীর বিদেশি খেলোয়াড়েরা তুলনামূলক ভালো। আবাহনীর রক্ষণে সমস্যা আছে, এই সমস্যাটা থেকে মুক্ত নয় মোহামেডানও।

সবকিছু এক পাশে থাক, এটি আবাহনী-মোহামেডান ম্যাচ বলে একটা আকর্ষণ রয়েই যাচ্ছে। মাঠে দর্শক আসার বিজ্ঞাপনও তো এই ম্যাচ।