আবাহনীর বিপক্ষে গোল পাননি। মোহামেডান হেরেছে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে। শেখ জামাল ম্যাচেও একই ঘটনা। ওসেই মরিসন গত ম্যাচে গোপালগঞ্জে মুক্তিযোদ্ধার বিপক্ষে ছিলেন না চোটের কারণে। মোহামেডান উড়ে যায় ৪-১ গোলে। ব্যাপারটা এমন দাঁড়িয়েছে, মরিসন গোল করলে মোহামেডানের মুখে হাসি ফোটে। দল পয়েন্ট পায়। ফেনী সকারের বিপক্ষে কাল ফিরলেন ঘানাইয়ান স্ট্রাইকার। তাঁর একমাত্র গোলই জেতাল মোহামেডানকে। বাংলাদেশ লিগের প্রথম পর্বটা কাল সবার আগে শেষ করল মোহামেডান। ৮ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চম। এ পর্যন্ত সাদা-কালোরা গোল করেছে সাকল্যে ১০টি। মরিসনের একারই ৭ গোল। লিগের গোলদাতা তালিকায় তিনিই শীর্ষে। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতাটা ভালোই কাজে লাগাতে পারেন। একজন স্ট্রাইকারের যখন যেখানে থাকা দরকার, ঠিক সেখানেই নিজেকে নিয়ে যেতে পারেন মরিসন। শুটিং, হেডিং বেশ ভালো।নিজেই বলেন, ‘আমি গোল করতে ভালোবাসি।’ এই লিগে লক্ষ্যটাও স্থির করে ফেলেছেন, ‘লিগে ১৫ গোল করতে চাই।’মোহামেডান একজন খেলোয়াড়ের নির্ভরতায় এগোচ্ছে, এটাকে ভালোভাবে নিতে পারছেন না মোহামেডানের সহকারী কাচ জুয়েল রানা, ‘সব দিন তো মরিসন জেতাবে না। দেখা যাচ্ছে ও গোল না পেলে আমরা আটকে যাই। আমাদের আরও ম্যাচ উইনার দরকার।’কাল ৩৭ মিনিটে এসেছে মরিসনের গোলটি। মারুফের ক্রসে তাঁর সাইড ভলিতে হলো লক্ষ্যভেদ। তবে ৭ ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলে থাকা ফেনী সকারের বিপক্ষে মোহামেডানের জেতা উচিত ছিল অন্তত ৩-৪ গোলে। বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করে মোহামেডানকে থাকতে হয়েছে ৩ পয়েন্ট তোলার আনন্দে।আগের ম্যাচে মুক্তিযোদ্ধার কাছে বড় পরাজয় মেনে নিতে পারেনি মোহামেডানের টিম ম্যানেজমেন্ট। ওই ম্যাচের প্রথম একাদশের খেলোয়াড়দের কারণ দর্শাও নোটিশও দেওয়া হয়। এদিন প্রথম একাদশে তিনটি পরিবর্তন আনেন জুয়েল রানা (প্রধান কোচ সাইফুল বারী জন্ডিসে আক্রান্ত হওয়ায় বিশ্রামে)। বাজে খেলার কারণে বাদ পড়েছেন গোলরক্ষক মামুন খান, ডিফেন্ডার ইয়াসিন ও মিডফিল্ডার মানিক। এ ছাড়া তিন হলুদ কার্ডে এদিন বাইরে ছিলেন উদে ডেমিয়েন। মোহামেডান যেন বদলে যাওয়া এক দল হয়েই বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলতে নেমেছিল। হাড় কাঁপানো শীতে দুই দলের অনেক খেলোয়াড়কেই দেখা গেল হাতমোজা পরে খেলছেন। মনে হচ্ছিল শীতকালে কোনো ইউরোপিয়ান লিগের খেলা চলছে!