ওসেই মরিসনের পাশে বসে গেলেন জাহিদ হাসান এমিলি। ফেডারেশন কাপ কাল দেখল দ্বিতীয় হ্যাটট্রিক। আবাহনীর জার্সি গায়ে ঘানাইয়ান স্ট্রাইকার মরিসন রহমতগঞ্জের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন টুর্নামেন্টের প্রথম দিনেই। তৃতীয় দিনে সেই রহমতগঞ্জের জালেই ৩ গোল দিলেন মোহামেডানের স্ট্রাইকার এমিলি।
আবাহনী, শেখ রাসেল, শেখ জামালের পথ ধরেই নতুন মৌসুম শুরু করল মোহামেডান। রহমতগঞ্জকে ৫-২ গোলে হারিয়ে ফেডারেশন কাপ যাত্রা, সাদা-কালোরা এর চেয়ে ভালো শুরু চাইতে পারত না। প্রধান কোচ সাইফুল বারী অসুস্থ। তিনি মাঠে আসেননি। সহকারী জুয়েল রানার নেতৃত্বে এল এই সহজ জয়।
এই এক ম্যাচ খেলেই ফেডারেশন কাপের শেষ আটের টিকিট পেল মোহামেডান। এই গ্রুপ থেকে আবাহনীও উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। গ্রুপের তৃতীয় দল রহমতগঞ্জ দুই ম্যাচই হেরে বিদায় নিয়েছে মৌসুম সূচক টুর্নামেন্ট থেকে।
রহমতগঞ্জ গত মৌসুমে বাংলাদেশ লিগের দ্বিতীয় স্তরে খেলেছে। নিয়ম অনুযায়ী দ্বিতীয় স্তরের কোনো দল বিদেশি খেলোয়াড় খেলাতে পারে না। ঢাকার ফুটবলে বিদেশিরাই যেহেতু ম্যাচ নিয়ন্ত্রক, তাই রহমতগঞ্জ শুধুই স্থানীয় খেলোয়াড় নিয়ে লড়াই করতে পারেনি।
তবে মোহামেডানের চার বিদেশি খেলোয়াড়কে অন্য বড় দলগুলোর বিদেশিদের তুলনায় অতিসাধারণই লাগল। এঁদের নিয়ে লিগে বেকায়দায় পড়তে হতে পারে। কালকের ম্যাচে জয়ের রূপকার তো আসলে নানা বিতর্কের আবর্তে ঢুকে পড়া উইঙ্গার জাহিদ। সাফে বাজে খেলে তিরস্কৃত হয়েছেন, দলবদলে মোহামেডান থেকে টাকা নিয়ে পরে নিয়েছেন শেখ রাসেল থেকেও। শেষ পর্যন্ত মোহামেডান-শেখ রাসেলের সমঝোতার কারণে বেঁচে যান শাস্তি থেকে। সেই জাহিদ কাল মাঠে পরিশ্রম করেছেন অনেক। মোহামেডানের সব কটি গোলেই জড়িয়ে আছে জাহিদের নাম।
মোহামেডানের জন্য সুখের বিষয়, জাহিদ-এমিলি যুগলবন্দী এ ম্যাচে অন্তত জমাট ছিল। বন্ধু এমিলির সঙ্গে কী নিয়ে যেন মন-কষাকষি চলছিল। সেটির ছায়া পড়েনি মাঠে। ম্যাচের পর এমিলি বরং আশা করছেন, ‘জাহিদ-নাহিদ আসায় আমরা শক্তি সঞ্চয় করেছি অনেক। জাহিদ তো দারুণ খেলেছে। ও পরিশ্রম করায় এমন বড় জয় আমরা পেলাম।’
২৩ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করেন জাহিদ। ব্যবধানটা ২-০ হলো ৩৫ মিনিটে, এমিলির শট রহমতগঞ্জের গোলরক্ষক মাসুমের পায়ের নিচ দিয়ে জালে। ৫৫ মিনিটে এমিলিকে বক্সে ফাউল করা হলে পেনাল্টি থেকে এমিলি নিজেই করলেন নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল।
৭৮ মিনিটে নুরুল আফসার করলেন ৩-১। মিনিট চারেক বাদেই জাহিদের ক্রস থেকে হেডে হ্যাটট্রিক পূর্ণ এমিলির। শেষ মিনিটে জাহিদের ফ্রি-কিকে এমিলির পা ঘুরে ওয়াহেদের গোল। অতিরিক্ত সময়ে ৫-২, রহমতগঞ্জের গোলদাতা সেই নুরুল আফসার। ততক্ষণে মোহামেডান মেতে উঠেছে জয়ের আনন্দে।
সকারও কোয়ার্টার ফাইনালে: ফেনী সকারের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-২ করেছিল উত্তর বারিধারা, তবু শেষ পর্যন্ত হার এড়িয়ে ফেডারেশন কাপে টিকে থাকতে পারেনি নবাগত দলটি। ৩-২ গোলের জয় দিয়ে মৌসুম সূচক টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে সকার। ৭ মিনিটে বিদ্যুতের গোলে এগিয়ে যায় সকার, ৪৪ মিনিটে ১-১ করেন ফায়াজ। ৫৫ মিনিটে আলী হাসান সকারকে এগিয়ে নিলেন, জামেন ২-২ করেন ৫৬ মিনিটে। ৭৩ মিনিটে আলী হাসানের দ্বিতীয় গোল সকারকে দিয়েছে জয়ের স্বাদ।