মরিয়মের স্বপ্নযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মরিয়ম খাতুন
মরিয়ম খাতুন

বগুড়ার গাবতলীর বালিয়াদীঘি গ্রাম। ইটভাটার গনগনে চুল্লির পাশে আনমনে বসে ইউনুস আলী। ঢাকা থেকে মুঠোফোনে মেয়ের কণ্ঠ শুনে খুশিতে নেচে উঠল পঞ্চাশোর্ধ্ব ইটনির্মাণ শ্রমিকের মন, ‘বাবা, আমি কাতার যাচ্ছি!’
এ তো স্বপ্নযাত্রা! কয়েক মাস আগে বগুড়ার পৌর পার্কের এঁদো পুকুরে সাঁতরাতে গিয়ে শামুকে পা কাটা মরিয়ম খাতুন যেন হঠাৎ হাতে পেলেন আকাশের তারা। ফিনার (আন্তর্জাতিক সাঁতার সংস্থা) যুব উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির সুযোগ পাওয়ার কথা কখনোই যে ভাবনায় আসেনি অজপাড়াগাঁয়ের এই মেয়ের। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) সহযোগিতার হাত বাড়িয়ে বদলে দিয়েছে মরিয়মের পৃথিবী। এখন তাঁর ভাবনায় শুধুই দোহা। ১৮ জুন বিকেএসপির সাঁতারু আরিফুল ইসলামের সঙ্গী হয়ে স্বপ্নের শহরে যাবেন বগুড়া সেন্ট্রাল হাইস্কুলের এসএসসি পরীক্ষা দেওয়া এই ছাত্রী।
১০ দিনের প্রশিক্ষণে অতুলনীয় অভিজ্ঞতা নিয়ে ফিরবেন মরিয়ম। সেটিই হয়ে যাবে তাঁর জীবনের বড় এক গর্বের অধ্যায়। গত সেপ্টেম্বরের ২৯তম বয়সভিত্তিক জাতীয় সাঁতারে নিজেকে তুলে ধরার পুরস্কারই পেলেন মরিয়ম। সাঁতারের ফেরিওয়ালা মাসুদ রানার হাত ধরে যাঁর ঢাকা আসা। প্রথমবারই নয়টি সোনা। মেয়েদের বিভাগের সেরা সাঁতারুর পুরস্কারও উঠল অখ্যাত মরিয়মের গলায়।
ওই সাফল্যের বড় কৃতিত্ব মাসুদ রানাকেই দেন মরিয়ম। বগুড়ার সাতমাথা গোহাইল রোডের জ্বালানি তেলের খুচরা দোকানদার মাসুদ ৩২ বছর ধরে ছেলেমেয়েদের সাঁতার শেখান। সাত বছর আগে একবার গ্রামে গিয়েছিলেন নতুন সাঁতারু খুঁজতে। সেখানেই গ্রামের পুকুরে সাঁতার কাটতে দেখেন খুদে মরিয়মকে। এরপর চিত্রনাট্য পাল্টাতে থাকল দ্রুত। মরিয়মের বাবা-মা অপরিচিত মাসুদ রানার হাতে তুলে দেন আদরের মেয়েকে। মাসুদকে তখন গ্রামের অনেকে ছেলেধরা বলে অপবাদ দিয়েছিল। কিন্তু সাঁতারু গড়ার কারিগর থেমে থাকেননি। ধৈর্য নিয়ে শিখিয়েছেন কীভাবে স্ট্রোক নিতে হয়, কীভাবে ছুঁতে হয় টাচলাইন। বাবা-মায়ের পর এখন মরিয়মের সবচেয়ে আপনজন ‘মাসুদ আঙ্কেল’।
সেই আঙ্কেলের সৌজন্যেই গত অক্টোবরে নৌবাহিনীতে সুযোগ পেয়ে গেলেন মরিয়ম। দেখতে দেখতে দেশসেরা সাঁতারুদের কাছে আসার সুযোগও মিলে গেল। বর্তমানে এশিয়ান ও কমনওয়েলথ গেমসের সাঁতারুদের সঙ্গে মরিয়ম আছেন নৌবাহিনীর সুইমিংপুলে, জাতীয় দলের আবাসিক ক্যাম্পে।
এই ক্যাম্পে থাকা এসএ গেমসের রুপাজয়ী সাঁতারু মাহফুজা আক্তার বড় সম্ভাবনা দেখছেন মরিয়মের মধ্যে, ‘ও ব্রেস্টস্ট্রোকে খুব ভালো। টেকনিক ভালোভাবে শিখলে এসএ গেমসে সোনা জিততে পারবে।’ একই আশাবাদ দোহাযাত্রায় মরিয়মের সঙ্গী সাঁতার কোচ হামিদুর রহমানেরও, ‘ধারাবাহিক প্রশিক্ষণ পেলে এবং স্ট্রোক ঠিকমতো শুধরে নিতে পারলে বর্তমান সময়ের অনেক সম্ভাবনাময় সাঁতারু হবে মরিয়ম।’ ‘গুরু’ মাসুদ বলছেন, ‘আমি নিশ্চিত, ও একদিন অলিম্পিকে সাঁতরাবে।’ মরিয়ম নিজেও খুব রোমাঞ্চিত, ‘আমি খুব খুশি। ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি এমন সুযোগ পাব।’
মফস্বলের পুকুরে দড়িতে শোলা বেঁধে লেন বানিয়ে সাঁতার কাটা মেয়ের জন্য এটা অবিশ্বাস্য মনে হতেই পারে। কোনো স্টার্টিং ব্লক, টাচপ্যাড নেই গ্রামের পুকুরে। সুইমিং কস্টিউমস, গগলস পান না মরিয়মরা। কিন্তু ওই পুকুর থেকে উঠে এসে মিরপুর সুইমিংপুল ঠিকই মাতান।
হাজারো প্রতিকূলতা পেরিয়ে বগুড়ার মেয়ের উঠে আসার এ গল্প অন্যদের কাছে প্রেরণারই হতে পারে। সামান্য সুযোগ-সুবিধাও জোটে না। তবু থেমে নেই সাহসী মরিয়মদের লড়াই।