মরীচিকার মতো মিলিয়ে গেল জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপ্নপূরণের হাতছানি হারিয়ে গেল রাতের অন্ধকারে। ফ্লাড লাইটের উজ্জ্বল আলোর নিচে পড়ে থাকল কেবল স্বপ্নভঙ্গের বেদনা। গন্তব্যের খুব কাছে গিয়ে আরও একবার পথ হারানোর হতাশায় স্তব্ধ বাংলাদেশ ড্রেসিংরুম, স্তব্ধ দর্শকারণ্য গ্যালারি। ইংল্যান্ডকে অন্তত একটা ম্যাচে হারানোর যে আগাম ঘোষণা দিয়ে সিরিজটা শুরু করেছিল সাকিব আল হাসানের দল, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল এক এউইন মরগানের ব্যাটেই উড়ে গেল সেই সম্ভাবনা। বাংলাদেশের হাত থেকে ছিনিয়ে নেওয়া ম্যাচটা দুই উইকেটে জিতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ ইংল্যান্ডের।অথচ বাংলাদেশের ২৬০ রান অতিক্রম করা চ্যালেঞ্জই হয়ে দাঁড়িয়েছিল ইংলিশদের জন্য। ৬৮ রানে ৩ উইকেট হারানোর পর অ্যালিস্টার কুকও যখন দলকে ১০৮ রানে রেখে ড্রেসিংরুমে, কে জানত এ ম্যাচের নায়ক হয়ে উঠবেন শেষ পর্যন্ত ‘ভিনদেশি’ মরগান! একসময় আয়ারল্যান্ডের হয়ে সেঞ্চুরি করেছেন, কাল ইংল্যান্ডের হয়ে অপরাজিত ১১০ রান করে শুধু ওয়ানডেতে দুই দেশের হয়ে সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যানই হলেন না, শফিউল ইসলামের করা ৪৯তম ওভারের পঞ্চম বলে স্কয়ার লেগের ওপর দিয়ে ছক্কা মেরে ইংল্যান্ডকে এনে দিলেন পরম স্বস্তির জয়।পঞ্চম উইকেটে ম্যাট প্রিয়রের সঙ্গে ৯০ রানের জুটি গড়ার পরও ২২৯ রানে ৮ উইকেট নেই। তার পরও দশ নম্বর ব্যাটসম্যান ট্রেডওয়েলকে নিয়ে মরগান একাই লড়ে গেলেন শেষ পর্যন্ত। যে লড়াই শেষে মাঠ ছাড়লেন বিজয়ী বীরের বেশে। শেষ দৃৃশ্যটাতে অবশ্য মরগানের কাজ সহজ করে দিয়েছেন বাংলাদেশের অনভিজ্ঞ পেসার শফিউল ইসলামই। শেষ ২ ওভারে জয়ের জন্য ১৬ রান দরকার ছিল ইংল্যান্ডের। মরগান শফিউলের করা ৪৯তম ওভারের ৫ বলেই তা তুলে নিলেন। প্রথম বলটা ফুলটস, তাতে বাউন্ডারি, পরের বলে ট্রেডওয়েলের সঙ্গে প্রান্ত বদলে ২ রান, চতুর্থ আর পঞ্চম বলে চার আর ছক্কা। বাংলাদেশ অবশ্য বলতে পারে, মরগান নন, ইংল্যান্ডকে জিতিয়ে দিলেন আসলে আম্পায়ার রড টাকার। মরগান যখন ১৩ রানে (ইংল্যান্ডের রান ৮৮/৩), মাহমুদউল্লাহর বলে অস্ট্রেলিয়ান এই আম্পায়ার কেন এলবিডব্লুটা দিলেন না, তা একটা রহস্য বটে।শেষ পর্যন্ত মরগানের ‘অতিমানবীয়’ ইনিংসে ঢাকা পড়ে গেল বাংলাদেশ বোলারদের সব কৃতিত্ব। পাঁচ ওয়ানডে পর আবার উইকেট পাওয়ার দিনে বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট পাওয়ার দৌড়ে টপকে গেলেন প্রিয় বন্ধু মাশরাফি বিন মুর্তজার ১৩৪ উইকেট। কাল ৫২ রানে ৩ উইকেট নিয়ে ওয়ানডেতে রাজ্জাকের উইকেট হলো ১৩৬টি। নিচু বাউন্সের টার্নিং উইকেটে ৩২ রানে ৩ উইকেট পেয়েছেন সাকিবও। কিন্তু কী লাভ তাতে? শেষটা তো হতাশা দিয়েই হলো!এর আগে ব্যাটিংয়েও দিনবদলের সম্ভাবনা দেখাল বাংলাদেশ। এত দিন যা যা হচ্ছিল না, ছোট সংস্করণে হলেও কাল সেগুলোর দেখা মিলল। জুটির কথাই ধরুন, কালই দেশের হয়ে টানা ৭৫টি ওয়ানডে খেলার রেকর্ড করা তামিম ইকবাল ৩০ রান করে আউট হলেও ওপেনিংয়ে ৪৬ রানের জুটি গড়ে গেলেন ইমরুল কায়েসের সঙ্গে। তৃতীয় উইকেটে ইমরুল-মুশফিকুর গড়লেন ৯০ রানের জুটি। এরপর পঞ্চম উইকেটে মুশফিকুর-মাহমুদউল্লাহর ৪৫ রান—কোনোটাই খুব বড় জুটি না হলেও বাংলাদেশের স্কোরবোর্ড তিলে তিলে সমৃদ্ধ হয়েছে এ রকম যৌথ প্রযোজনাতেই।দেশের মাটিতে গত তিন জাতি সিরিজ থেকে বাংলাদেশের ব্যাটিংয়ে আক্ষেপ হয়ে ছিল যা, সেটাও কাল দূর হলো কিছুটা। এক ইনিংসে অন্তত দুই ব্যাটসম্যানের ভালো ইনিংস চাচ্ছিল বাংলাদেশ, ওপেনার ইমরুল আর মুশফিকুর মিলে কাল সেটাই উপহার দেওয়ার চেষ্টা করলেন। নিউজিল্যান্ড সফরে সেঞ্চুরি করে আসা ইমরুল ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি করে আউট ৬৩ রানে, মুশফিকুর করেছেন ৭৬। পরেরজন অবশ্য আউট হয়ে যেতে পারতেন ব্যক্তিগত ২৪ রানেই। কিন্তু কলিংউডের বলে ডিপ স্কয়ার লেগে তাঁর ক্যাচ নিতে পারেননি স্টুয়ার্ট ব্রড।মুশফিকুরের ৮৮ বলে ৭৬ রানের ইনিংসকে যদি বাংলাদেশের ব্যাটিংয়ের মেরুদণ্ড বলেন, আন্তর্জাতিক অভিষেক ম্যাচ খেলতে নামা সোহরাওয়ার্দীর ছোট আর কার্যকর ইনিংসটাকে বলতে পারেন তুলির শেষ আঁচড়। ৪৯তম ওভারের প্রথম বলে যখন মাহমুদউল্লাহ ব্রেসনানের বলে বোল্ড হন, দলের রান তখন ৫ উইকেটে ২৩৫। শেষ ১১ বলে সেখান থেকে বাংলাদেশের স্কোরটা ২৬০ রানে নিয়ে যেতে নাঈম ইসলামের সঙ্গে সোহরাওয়ার্দীর অবদানও কম নয়। লুক রাইটের শেষ ওভারের তৃতীয় বলে লং অন দিয়ে তাঁর দুর্দান্ত এক ছক্কায় বাংলাদেশের আড়াইশ পার (২৫৪), পরের দুই বলে নাঈমের সঙ্গে দুবার প্রান্ত বদল, আর ফুলটস শেষ বলে ডিপ মিড উইকেট আর লং অনের মাঝ দিয়ে চার। মাত্র ৬ বলে অপরাজিত ১৪ রান, বল হাতে উইকেট না পেলেও ব্যাট হাতে এই অবদানই তো অভিষেক ম্যাচটাকে স্মরণীয় করে রাখার জন্য যথেষ্ট!তবে সোহরাওয়ার্দীর কাছে হয়তো এই সাফল্যের জন্য নয়, অভিষেক ম্যাচেই জয় হাতছাড়া হওয়ার হতাশাই কালকের ম্যাচটা মনে দাগ দিয়ে রাখবে।