মর্মান্তিক
গত ফেব্রুয়ারিতেই নতুন চুক্তি করেছিলেন ক্লাবের সঙ্গে। বুন্দেসলিগা অভিষেকের অপেক্ষাটাও খুব দ্রুত ফুরাবে বলেই মনে হচ্ছিল নিকলাস ফায়াআবেন্ডের। কিন্তু সে সুযোগ আর হলো না তাঁর। ১৯তম জন্মদিন উদ্যাপন করার দুই দিন পরেই হারিয়ে গেলেন হানোভার-৯৬ ফরোয়ার্ড।
গত ৩০ এপ্রিল আরবি লিপজিগের বিপক্ষে হানোভার যুবদলের হয়ে খেলেছিলেন ফায়াআবেন্ড। ৩-১ গোলে সে ম্যাচ জিতেছিল তাঁর দলই। কিন্তু পরদিনই চলে গেলেন না-ফেরার দেশে। ১ মে সকালে সড়ক দুর্ঘটনায় দুই সঙ্গীসহ মৃত্যু হয়েছে ফায়াআবেন্ডের। পুলিশের এক সূত্র জানিয়েছে, রোববার ভোরে ফায়াআবেন্ডদের গাড়িটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। তাতে ফায়াআবেন্ডসহ গাড়ির পেছনের ছিটে থাকা তিনজনই মারাত্মক আহত হন। সেটিই কেড়ে নেয় তাঁদের প্রাণ।
ফায়াআবান্ডের অকালমৃত্যুতে হানোভার শোক জানিয়েছে সঙ্গে সঙ্গে। তাঁর প্রতি সম্মান দেখিয়ে সেদিনের রিজার্ভ দলের খেলাও স্থগিত করেছে ক্লাবটি। সূত্র: এএফপি।