মর্মান্তিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মর্মান্তিক বললেও যেন কম বলা হয়। ঘটনাটা নৃশংস!
ক্রিকেট মাঠে অনুশীলন করছিল ১১ বছর বয়সী লুক বেটি। অনুশীলন শেষ করে দেখল বাবা এসেছে। মায়ের সঙ্গে বাবার ছাড়াছাড়ি হয়ে গেছে আগেই, ছেলেকে দেখতে মাঝেমধ্যেই আসেন বাবা গ্রেগ বেটি। সেদিনও এসেছিলেন। এরপর গ্রেগ যা করলেন সেটা এককথায় কল্পনাতীত। হঠাৎ করেই ক্রিকেট ব্যাট দিয়ে পেটাতে শুরু করলেন ছেলেকে। হতভম্ব বাকি কিশোরেরা চেয়ে দেখল, মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে চোখের সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়ল লুক। ছুরি দিয়ে আঘাতও করা হয়েছিল তাকে, যদিও সেটা নিশ্চিত করা যায়নি।
কিছুক্ষণের মধ্যেই চলে আসে পুলিশ। খুনি গ্রেগের হাতে তখনো ছুরি। কোনোভাবেই নিরস্ত করতে না পেরে শেষ পর্যন্ত গুলি করতে বাধ্য হয় পুলিশ। হাসপাতালে নেওয়ার এক দিন পর মারা যান বুকে গুলিবিদ্ধ গ্রেগও।
ঘটনাটি ঘটেছে গত বুধবার মেলবোর্ন থেকে ১০০ কিলোমিটার দূরের মর্নিংটন পেনিনসুলার টিয়াব ওভালে। লুকের শোকস্তব্ধ মা রোজি নিজেও সে সময় কাছেই ছিলেন। পরে রোজি জানিয়েছেন, তাঁর স্বামী গ্রেগ মানসিক বৈকল্যে ভুগছিলেন। এএফপি।