মর্মান্তিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল ভালোবাসতেন রিচার্ড সোয়ানসন। যুক্তরাষ্ট্রের ৪২ বছর বয়সী এই ফুটবলভক্ত আগামী বছরের ব্রাজিল বিশ্বকাপটা দেখতে চেয়েছিলেন মাঠে বসেই। তবে তিনি ব্রাজিলে যেতে চেয়েছিলেন অদ্ভুত উপায়ে, পা দিয়ে ফুটবল ঠেলে ঠেলে ১০ হাজার মাইল বা ১৬ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে স্থলপথে। একটি মহৎ উদ্দেশ্যও ছিল সোয়ানসনের, তাঁর এই ভ্রমণ থেকে ওঠা তহবিল দিয়ে অনুন্নত বিশ্বের শিশুদের ফুটবল সরবরাহ করা। উদ্দেশ্য পূরণে যাত্রাও শুরু করেছিলেন সোয়ানসন। ১ মে যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সিয়াটল থেকে শুরু দীর্ঘ ভ্রমণের। কিন্তু সোয়ানসনের এই যাত্রাই হয়ে গেছে অগস্তযাত্রা। পরশু অরিগন রাজ্যের লিঙ্কন সিটির কাছে গাড়িচাপায় নিহত হয়েছেন এই ফুটবলপ্রেমী। ঘাতক চালককে আটক করা যায়নি। তবে দুর্ঘটনাস্থলের কাছ থেকে পুলিশ ফুটবলটি উদ্ধার করেছে। রয়টার্স।