মর্যাদা নিয়ে ফিরতে চায় প্রোটিয়ারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছু পাওয়ার নেই, হারানোরও নেই কিছু। গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড এরই মধ্যে সেমিফাইনালে উঠে গেছে। দিল্লিতে আজ শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার সুপার টেনের ম্যাচটা তাই পুরোপুরি অর্থহীন।
একটু ভুল হলো। প্রসঙ্গ যখন সেমিফাইনাল, এটি অর্থহীন হতে পারে, তবে ম্যাচটা একেবারেই গুরুত্বহীন কিন্তু নয়। বাড়ি ফেরার আগে কিছুটা স্বস্তি, অল্প সান্ত্বনা আর অনেক কিছু প্রমাণ করার যে বাকি আছে। দেখিয়ে দেওয়ার আছে, ‘একটু এদিক-ওদিক হলে আমরাও সেমির দৌড়ে থাকতাম।’
টুর্নামেন্টটা দুটি দলের একই রকম গেছে। ক্যারিবীয় ও ইংলিশদের কাছে দুই দলই হেরেছে, একমাত্র জয় আফগানিস্তানের বিপক্ষে। কিন্তু বিশ্বকাপের আগে দুই দলকে নিয়ে প্রত্যাশা একই রকম ছিল না। তারকাদের অবসর, লাসিথ মালিঙ্গার চোট মিলিয়ে শ্রীলঙ্কা কখনোই ফেবারিটদের মধ্যে ছিল না। কিন্তু ডি ভিলিয়ার্স-আমলা-স্টেইনদের মতো তারকা নিয়েও গ্রুপ পর্ব থেকে বাদ পড়বে প্রোটিয়ারা, সেটা কজনই বা ভেবেছিল!
ইংল্যান্ডের সঙ্গে ২২৯ করেও জিততে না পারা, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ১২৩ করেও শেষ দুই বলে হেরে যাওয়া—ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্তগুলোতেই নিজেদের গুছিয়ে রাখতে পারেনি দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক ফাফ ডু প্লেসিও বলছেন, ‘সেরা খেলোয়াড়েরা প্রয়োজনের সময় জ্বলে উঠলে ম্যাচগুলোয় জিততে পারতাম।’ তবে সব ভুলে আজকের ম্যাচে একটা বার্তা দিয়ে রাখতে চান প্রোটিয়া অধিনায়ক, ‘আমি একজন লড়াকু খেলোয়াড়। দলে এমন লড়াকু অনেকেই আছে। আমরা দক্ষিণ আফ্রিকার জন্য খেলছি।’
ম্যাচটা জিতলে এই মর্যাদা সমুন্নত রেখে বাড়ি ফেরা যাবে, এই যা। এএফপি।