মর্যাদার লড়াইয়ে জয়ী মোহামেডান
চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে আজকের ম্যাচে কোনো প্রত্যাশা ছিল না মোহামেডানের। কারণ শিরোপা জয়ের দৌড়ে বেশ পিছিয়েই আছে তারা। অন্যদিকে শীর্ষস্থানটা পাকাপোক্ত করে নির্ভার থেকেই মাঠে নেমেছিল আবাহনী। বাংলাদেশের শীর্ষ এই দুই ক্লাবের লড়াইটা শেষ পর্যন্ত ছিল মর্যাদারই লড়াই। আর সেই লড়াইয়ে জয়ী হয়েছে মোহামেডান। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের আজকের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে ২-০ গোলের ব্যবধানে হারের স্বাদ দিয়েছে তারা।প্রথমার্ধেই গোল দুটি করে মোহামেডান। খেলার ২৬ মিনিটে সোহেল রানা এবং ৪২ মিনিটে ওয়াহেদ বল জড়িয়ে দেন আবাহনীর জালে। খেলার দ্বিতীয়ার্ধে কোনো দলই আর গোল করতে পারেনি।তবে হারের স্বাদ পেলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থানটা ধরেই রেখেছে আবাহনী। ১৩ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩০। সমানসংখ্যক ম্যাচ খেলে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মুক্তিযোদ্ধা। অন্যদিকে ১২ ম্যাচ শেষে ১৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে মোহামেডান।