মশা ও ছিনতাইকারী থেকে সাবধান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলের রাস্তাঘাটে লেগেছে বিশ্বকাপের ঢেউ। কিন্তু এ রাস্তা অতটা নিরাপদ নয়। ছবি: রয়টার্স
ব্রাজিলের রাস্তাঘাটে লেগেছে বিশ্বকাপের ঢেউ। কিন্তু এ রাস্তা অতটা নিরাপদ নয়। ছবি: রয়টার্স

‘অচেনা কারও কাছ থেকে খাবেন না’—লোকাল বাসে এমন লেখা হামেশাই দেখা মেলে আমাদের দেশে। অচেনা ব্যক্তির কাছ থেকে কিছু খেলে তার ফল কী হয়, ভুক্তভোগী মাত্রই তা জানেন! অবাক হবেন না, এমন সতর্কবার্তা দেওয়া হয়েছে ব্রাজিলেও। কেন এ সতর্কবাণী?

আর তো কটা দিন। এরপর শুরু হবে ধরাধামের সবচেয়ে আকর্ষণীয় ক্রীড়াযজ্ঞ—ফিফা বিশ্বকাপ। পৃথিবীর আনাচে-কানাচে থেকে শত-সহস্র দর্শক ছুটে যাবেন চর্মচক্ষে বিশ্বকাপ দেখতে। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, আর্জেন্টিনা ও জার্মানি থেকেই আসবেন অধিকাংশ দর্শক। সংখ্যাটিও নেহাত কম নয়, অন্তত ছয় লাখ। কিন্তু ব্রাজিলের আর্থ-সামাজিক ও আইনশৃঙ্খলার যে অবস্থা, তাতে অনেকের কপালে চিন্তার ভাঁজ—আয়োজকেরা পারবেন তো খেলোয়াড় ও বিদেশি সমর্থকদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে?

এরই মধ্যে বিদেশি সমর্থকদের উদ্দেশে নানা পরামর্শ-উপদেশ দেওয়া হচ্ছে। যেমন: অচেনা কারও কাছ থেকে পান করবেন না, বস্তিতে যাবেন না, মশা তাড়ানোর ওষুধ নিতে ভুলবেন না ইত্যাদি। এগুলোর যৌক্তিক কারণও রয়েছে।

আসলে ফাইনালসহ সাত ম্যাচের আয়োজক শহর রিও ডি জেনিরোতে মারামারি, ছিনতাই, রাহাজানি, চুরি, ডাকাতি, খুনখারাবি নিত্য ঘটনা। রিও ইনস্টিটিউট ফর পাবলিক সিকিউরিটি জানিয়েছে, গত বছরের তুলনায় এ মার্চে সামগ্রিকভাবে রিও রাজ্যেই হত্যার ঘটনা বেড়েছে ২৩ দশমিক ৬ শতাংশ। কেবল রিও শহরেই এটি ১০ শতাংশ।

ব্রাজিলের বস্তিগুলো যেন একেকটি অপরাধকেন্দ্র।  এই তো গত শুক্রবার রোকিনহার বস্তিতে ভয়ংকর গোলাগুলির ঘটনা ঘটেছে। শঙ্কার বিষয় হচ্ছে, ইংল্যান্ড দল যেখানে অবস্থান করবে ঠিক তার পাশেই বস্তিটির অবস্থান। রিওর অন্যতম পর্যটনকেন্দ্র পর্বতঘেরা ইপানেমায় আশঙ্কাজনকভাবে বেড়েছে ডাকাতির ঘটনা।

গত মাসে টিভিতে সরাসরি সম্প্রচার হচ্ছিল ব্রাজিলের অপরাধ নিয়ে একটি অনুষ্ঠান। পথের ধারে এক টিভি সাংবাদিককে ব্রাজিলের অপরাধের মাত্রা নিয়ে সাক্ষাত্কার দিচ্ছিলেন এক নারী। কী ভয়ানক ব্যাপার, সেই লাইভ চলার সময়ই এক ছিনতাইকারী সেই নারীর গলার হার নিয়ে চম্পট। গত বছর রিও মহানগরের রাস্তায় ডাকাতি হয়েছে ৩০ হাজার ৪৮৯টি। গাড়ির চুরির ঘটনা ঘটেছে ১২ হাজার ৩৮১টি।           রিওর দৈনিক ‘ও দিয়া’ কিছু পরামর্শ ছড়িয়ে দেওয়ার তাগিদ দিয়েছে। যেমন—‘বড় অঙ্কের টাকা নিয়ে বেরোবেন না’, ‘দলবদ্ধ হয়ে ঘোরাঘুরি করুন’, ‘অচেনা কারও কাছ থেকে কিছু খাবেন না’  কিংবা ‘অপর পাশে কে আছে, সেটি নিশ্চিত না হয়ে ঘরের দরজা খুলবেন না’ ইত্যাদি। ‘ও দিয়া’  লিখেছে, ‘রিও শহর এমন এক জঙ্গল যেখানে যেকোনো মুহূর্তে পর্যটকেরা হামলাকারী, ছিনতাইকারী ও ধর্ষকদের লক্ষ্য হতে পারে।’

শুধু মনুষ্যপ্রজাতি নিয়ে নয়, চিন্তা আছে প্রাণীকুলের ক্ষুদ্র কীট মশা নিয়েও। ব্রাজিলের মশা হাজির হয় রীতিমতো জীবননাশের বার্তা নিয়ে! এ কারণে আর্জেন্টিনা দূতাবাস তাদের সমর্থকদের পরামর্শ দিয়েছে, ‘মশা তাড়ানোর ওষুধ ব্যবহার করুন। এটি ডেঙ্গু জ্বরের ভাইরাস বহনকারী মশা থেকে আপনাকে সুরক্ষা দেবে।’ ফলে যাঁরা ব্রাজিলে গিয়ে বিশ্বকাপ দেখার প্রস্তুতি নিচ্ছেন, সাবধান! দুর্ঘটনার শিকার হলে আনন্দ কিন্তু পরিণত হবে বিষাদে।  এএফপি।

টিভিতে ছিনতাই নিয়ে লাইভ সাক্ষাত্কার দেওয়ার সময়ই ছিনতাইয়ের শিকার হওয়ার ঘটনাটি বেশ শোরগোল ফেলে দিয়েছিল। দেখুন ভিডিও: