মশার কামড়ে জ্বর বাঁধিয়ে নেপাল যাচ্ছেন জাবিররা
দেশের জাতীয় খেলা হিসেবে সম্প্রতি ভলিবলকে স্বীকৃতি দিয়েছে নেপাল সরকার। এই স্বীকৃতি উপলক্ষেই নেপাল ভলিবল অ্যাসোসিয়েশন প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশকে। কাঠমান্ডুতে ২৮ ও ২৯ আগস্ট দুটি প্রীতি ম্যাচ খেলতে আজই নেপাল যাচ্ছে বাংলাদেশ দল।
গত ডিসেম্বরে ঢাকায় এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবলে বাংলাদেশ সর্বশেষ খেলেছে নেপালের বিপক্ষে। এরপর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ, খেলেছে শুধু স্বাধীনতা দিবস ও জাতীয় চ্যাম্পিয়নশিপে। কিন্তু নেপাল গত আট মাসে ইউরোপে প্রস্তুতি ম্যাচ খেলেছে অনেক।
প্রীতির আবরণে ম্যাচ দুটি বাংলাদেশের কাছে ‘মর্যাদার লড়াই’। অধিনায়ক সাইদ আল জাবিরই তো বললেন, ‘প্রীতি ম্যাচ হলেও এটি আসলে মর্যাদার লড়াই। অনেক দিন পর আমরা আন্তর্জাতিক ম্যাচ খেলব। চেষ্টা থাকবে দুটি ম্যাচই জেতার।’ কিন্তু আসলেই কি জিততে পারবে বাংলাদেশ? একে তো লম্বা বিরতিতে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে সংশয়ে ইরানি কোচ আলিপোর আরজি। সঙ্গে যোগ হয়েছে ভাইরাস জ্বর। মিরপুর ক্রীড়াপল্লির আবাসিক ক্যাম্পের অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মশার কামড়েই জ্বর হচ্ছে বলে খেলোয়াড়দের অভিযোগ। এই দলের অন্তত পাঁচজনের জ্বর। জ্বর নিয়েই নেপাল যাচ্ছেন অধিনায়ক সাঈদ আল জাবির।
গত ১৪ আগস্ট ঢাকায় এসেই ইরানি কোচ আলিপোর আরজি নেমে পড়েছেন অনুশীলনে। খেলোয়াড়দের ফিটনেস কাঙ্ক্ষিত মানে আসেনি, তারপরও নেপালে ভালো করতে চান জাতীয় দলের কোচ, ‘আট মাস আগে ছেলেরা আন্তর্জাতিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল। এখন সেই ফিটনেস নেই, অনেকের ভাইরাস জ্বর। তারপরও আমরা নেপালে ভালো করার চেষ্টা করব।’
নেপাল যাওয়ার আগে কাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলনের আয়োজন করে ফেডারেশন। অধিনায়ক সাঈদ আল জাবির ও কোচ আলিপোর আরজির হাতে জাতীয় দলের জার্সি তুলে দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান।