শিরোপা-স্বপ্নের দিকে একটু একটু করে এগিয়ে চলেছে মুক্তিযোদ্ধা। ‘নিজেদের কাজটা সেরে রাখতে চাই’—কোচ শফিকুল ইসলাম আগের ম্যাচেই সেটা বলেছিলেন। কাল ভঙ্গুর শেখ জামাল ধানমন্ডিকে ৩-০ গোলে হারিয়ে আরও একধাপ এগিয়ে গেল দলটি সেই পথে। লিগে মুক্তিযোদ্ধার বাকি এক ম্যাচ—২৭ জুন আবাহনীর বিপক্ষে যেটিকে পরোক্ষে ‘সেমিফাইনালই’ বলে রাখলেন শফিকুল।সেমিফাইনাল বলার মানে হলো, ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে আসা মুক্তিযোদ্ধাকে নিজেদের শেষ ম্যাচে আবাহনীর বিপক্ষে জিততেই হবে। আর আবাহনীর বাকি তিন ম্যাচের (ফরাশগঞ্জ, ফেনী সকার ও মুক্তিযোদ্ধা) দুটিতে জিতলে প্লে-অফ ম্যাচই হয়ে উঠবে শিরোপা নির্ধারণের অলিখিত ফাইনাল।গতকাল বৃষ্টি উপেক্ষা করেও কিছু দর্শক এল মাঠে। আগের ম্যাচের মতোই সমানে বাদ্যি-বাজনা বাজিয়ে উৎসাহ দিয়ে চলল মুক্তিযোদ্ধাকে। ছন্নছাড়া শেখ জামালের বিপক্ষে জিততে কোনো কষ্টই হয়নি তাদের। এমনিতেই শেখ জামালের খেলোয়াড়দের মধ্যে মনোবল বলে কিছু নেই। এর ওপর নিয়মিত ছয়জনকে ছাড়াই মাঠে নামল কাল। রায়হান ও দুই সোহেল রানা গেছেন নেপালে এএফসি অনূর্ধ্ব-২২ ফুটবল খেলতে। অধিনায়ক আমিনুল যেন থেকেও নেই। তাঁকে খেলানো হচ্ছে না গত ম্যাচ থেকেই। মিশু ও কোমল ইনজুরিতে। মুক্তিযোদ্ধার প্রথম গোল ১০ মিনিটে। প্রায় ৩০ গজ দূর থেকে মিডফিল্ডার মারুফের জোরালো শট ঢুকে যায় জালে। ৪৪ মিনিটে নাসিরের পাস থেকে মিঠুন ব্যবধান দ্বিগুণ করেন (২-০)। তবে শেষ বাঁশি বাজার কেবলই আগে মিঠুন করেন দলের তৃতীয় গোল। ১৯ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ছয়ে জামাল।