মস্কোতেই শেষ ইসিনবায়েভার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মস্কো বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ শুরু হতে এখনো দুই সপ্তাহেরও বেশি বাকি। কিন্তু শুরুর আগেই বিদায়ের সুর বাজিয়ে দিলেন ইয়েলেনা ইসিনবায়েভা। দেশের মাটির এই টুর্নামেন্ট শেষেই পোলটাকে তুলে রাখবেন রুশ পোলভোল্ট তারকা। দুবারের অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়ন পরশু জানিয়ে দিলেন, আগস্টের মস্কো বিশ্ব চ্যাম্পিয়নশিপই হবে তাঁর শেষ।২০০৩ সালের ১৩ জুলাই নিজের ২১তম জন্মদিনের এক মাস পর বিশ্ব রেকর্ড গড়ে নিজের আবির্ভাব ঘোষণা করেছিলেন। এরপর থেকেই চলতে থাকে তাঁর রেকর্ড ভাঙা-গড়ার খেলা। ইসিনবায়েভা বিশ্ব রেকর্ড গড়েছেন মোট ২৮ বার! ৫.০৬ মিটার পেরোনোর বর্তমান রেকর্ডটিও তাঁর। যেটি গড়েছিলেন ২০০৯ সালে জুরিখে। সর্বকালের সেরা মহিলা পোলভোল্টার বিবেচিত ইসিনবায়েভা এর আগেও একবার ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। তবে ঠিক অবসর নয়, শরীর ও মনকে বিশ্রাম দিতেই এক বছরের ‘ছুটি’ নিয়েছিলেন। ছুটি কাটিয়ে ফিরেই জেতেন রুশ চ্যাম্পিয়নশিপ। কিন্তু ২০১১ দেগু বিশ্ব চ্যাম্পিয়নশিপে অপ্রত্যাশিতভাবে হন ষষ্ঠ! সোনা ধরে রাখার লক্ষ্য নিয়ে ২০১২ লন্ডন অলিম্পিকে গিয়ে জেতেন ব্রোঞ্জ। তবে ইসিনবায়েভা আশাবাদী, মস্কো বিশ্ব চ্যাম্পিয়নশিপে ঠিকই মুকুট পুনরুদ্ধার করতে পারবেন। সোনার পদকটা গলায় ঝুলিয়েই ৩১ বছর বয়সী পোলভোল্টার ছাড়তে চান ট্র্যাক। গত পরশু ৪.৭৫ মিটার পেরিয়ে রুশ চ্যাম্পিয়নশিপ জিতেই ইসিনবায়েভা দিয়েছেন আগাম অবসরের ঘোষণা, ‘এই বিশ্ব চ্যাম্পিয়নশিপই হবে আমার ক্যারিয়ারের শেষ। আমার জন্য এটা হবে সত্যিই স্মৃতিকাতর। আমি আমার সফল ক্যারিয়ারের শেষটা উপভোগ করতে চাই এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে সেরাটা দেখাতে চাই।’ ইসিনবায়েভার কণ্ঠে ‘বিদায়’ কথাটা উঠতেই খুলে গেল যেন তাঁর স্মৃতির জানালা, ‘এই লুঝনিকি অ্যারেনাতেই আমি আমার প্রথম শিরোপা জিতেছিলাম। ক্যারিয়ারের শেষটাও হবে সেখানেই। আশা করছি সমর্থকেরা আমাকে বিশাল সমর্থন দেবে। ’