মস্কোতেও বোল্ট ঝড়

গত বছর লন্ডন অলিম্পিকের সোনা জয়ের পর এবার মস্কোতে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ট্রাকেও ঝড় তুললেন উসাইন বোল্ট। নতুন কোনো রেকর্ড গড়তে না পারলেও ৯.৭৭ সেকেন্ডে দৌড় শেষ করে জিতে নিলেন ১০০ মিটার ইভেন্টের সোনা।
দুই বছর আগে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপের গত আসরে ১০০ মিটার তাঁকে উপহার দিয়েছিল হতাশা। ফলস স্টার্টের ফাঁদে পড়ে বিদায় নিয়েছিলেন। কিন্তু এবার মস্কোতে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে কোনো ভুল করেননি বিশ্বের দ্রুততম মানব।
১০০ মিটারের সাবেক রাজা জাস্টিন গ্যাটলিনও ডোপপাপের কলঙ্ক মুছে ফিরে এসেছেন স্বরূপে। ৯.৮৫ সেকেন্ডে দৌড় শেষ করে দ্বিতীয় হয়েছেন এই আমেরিকান স্প্রিন্টার। আরেক জ্যামাইকান অ্যাথলেট নেস্তা কার্টার ৯.৯৫ টাইমিং করে জিতেছেন ব্রোঞ্জ।
২০০৯ সালের বার্লিন চ্যাম্পিয়নশিপে মাত্র ৯.৫৮ সেকেন্ডে দৌড় শেষ করে বিশ্বরেকর্ড গড়েছিলেন বোল্ট। ২০০ মিটারে ১৯.১৯ সেকেন্ডের বিশ্বরেকর্ডটিও আছে জ্যামাইকান এই অ্যাথলেটের দখলে। রয়টার্স।