মস্কোর স্মৃতি ভুলতে চান দ্রগবা
এখনো চোখ বন্ধ করলেই মস্কোর সেই সন্ধ্যাটি ভেসে ওঠে দ্রগবার মানসপটে। ২০০৮ সালের চ্যাম্পিয়নস লগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে সেই বৃষ্টিস্নাত ম্যাচটি দিদিয়ের দ্রগবার মনে চিরকালীন হতাশার গল্প হয়ে আছে। ম্যানচেস্টার ডিফেন্ডার নেমানজা ভিদিচকে চড় মেরে লালকার্ড দেখেছিলেন চেলসির এই তারকা। সে ম্যাচে ১০ জনের দল নিয়ে স্ট্যামফোর্ড ব্রিজের ছেলেরা হেরে গিয়েছিল ওল্ড ট্র্যাফোর্ডের লাল জার্সিধারীদের কাছে। চার বছর বাদে সেই চেলসি আবারও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে নিজেদের স্থান করে নিয়েছে। মৌসুমটা কিন্তু ব্লুজদের একেবারেই ভালো যায়নি। ভুলে যাওয়ার মতো একটি মৌসুম শেষ করেছে চেলসি ইংলিশ প্রিমিয়ার লিগে ষষ্ঠ স্থান নিয়ে। কে বলবে এই দলটিই ফাইনালে ওঠার পথে পেছনে ফেলেছে এ মুহূর্তে বিশ্বের সেরা ক্লাব দল বলে স্বীকৃতি পাওয়া বার্সেলোনাকে! অথচ ফাইনালে জিততে না পারলে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগেই খেলা হবে না চেলসির। এমন একটি পরিস্থিতিতে ২০০৮ সালের সেই হতাশাকে শক্তিতে পরিণত করতে চান দ্রগবা। মস্কোর সেই রাতের ভুল শুধরে চেলসি সমর্থকদের উপহার দিতে চান চ্যাম্পিয়নস লিগের গৌরব।দীর্ঘ চার বছর পর অনেকটা ভাগ্যের জোরেই চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠে এসেছে চেলসি। বুড়োটে একটি দল নিয়ে নক আউট রাউন্ডে নাপোলি, বেনিফিকা ও বার্সেলোনার বিপক্ষে নাটকীয় জয় দলটির সামনে এনে দিয়েছে ‘ইউরোপ সেরা’ ক্লাবের হাতছানি। এমন একটি পরিস্থিতি অতীতের পুনরাবৃত্তি ঘটতে দিতে চান না ৩৪ বছর বয়সী এই আইভরিয়ান ফুটবলার।‘আমার ক্যারিয়ারে যেমন অনেক হতাশার ব্যাপার আছে, ঠিক তেমনি আছে অনেক গৌরবের মুহূর্তও। আমি চাই হতাশাকে ঝেড়ে ফেলে শনিবার দলের সবাই আরো একটি সুন্দর মুহূর্ত উদযাপন করুক।’ দ্রগবার মন্তব্য। তিনি বলেন, ‘মস্কোর সেই ফাইনালে হতাশার পর সবাই ভেবেছিল আমরা আবারও পরের বছরই ফাইনালে খেলব, কিন্তু এটা প্রমাণিত হয়েছে আরও একটি ফাইনালে নিজেদের স্থান করে নেওয়াটা সহজ কোনো ব্যাপার নয়। এর জন্য আমাদের কয়েক বছর অপেক্ষা করতে হলো।’ তাঁর মতে, ‘এবার দুর্দান্ত নাটকীয়তার মধ্য দিয়েই আমরা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলছি। ফাইনালে ওঠার পথে বার্সেলোনার মতো একটি দলকে হারাতে পারা সত্যিই মধুর এক অভিজ্ঞতা।’বড় ম্যাচে গোল করে দলকে জেতানোয় দ্রগবার জুড়ি নেই। এই তো সেদিনই বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমির প্রথম লেগে তাঁর অতি গুরুত্বপূর্ণ গোলেই জয় পেয়েছিল চেলসি। শনিবার ফাইনালেও তাঁর কাছ থেকে গোল আশা করেন কোচ রবার্তো ডি মাত্তেও।যার ওপর এমন প্রত্যাশা, সেই দ্রগবাই কিন্তু নিজের ভবিষ্যত্ নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছেন স্ট্যামফোর্ড ব্রিজে। চেলসি তাঁর চুক্তি এক বছর বাড়ানোর প্রস্তাব দিলেও দ্রগবা চান তাঁর চুক্তিটি দুই বছরের হোক। বিষয়টি এখন নিষ্পত্তির অপেক্ষায়। দ্রগবা অবশ্য এই বিষয়টি নিয়ে ভাবতে চান না চ্যাম্পিয়নস লিগের ফাইনালের আগে। তিনি জানিয়েছেন, ফাইনালের পর বিষয়টি নিয়ে তিনি চেলসি ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় বসবেন।‘আপাতত আমি নিজেকে নিয়ে ভাবছি না। আমার চিন্তা-চেতার পুরোটাই জুড়ে আছে চেলসি ও চ্যাম্পিয়নস লিগ।’ মন্তব্য দ্রগবার। ওয়েবসাইট।