মহড়ায় ফেল সাও পাওলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফা সেক্রেটারি জেনারেল জেরম ভালকে বলেছেন ‘নরকযন্ত্রণা৷’ ব্রাজিলে বিশ্বকাপ আয়োজনের নানা দিক সামলাতে যারপরনাই হিমশিম খাচ্ছেন ফিফা কর্তারা৷ সাও পাওলোর অ্যারেনা করিন্থিয়ানস জানিয়ে দিল ফিফার নরকযন্ত্রণা বাকি আছে এখনো৷ পরশু পোশাকি মহড়ায় যে ডাহা ফেল মেরেছে উদ্বোধনী ম্যাচের ভেন্যু!

নবনি​ির্মত স্টেডিয়ামের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে পরশু মুখোমুখি হয়েছিল করিন্থি​য়ানস ও ফিগেরেন্সে৷ ঘরের দল করিন্থিয়ানসকে ১-০ গোলে হা​ি​রয়ে অঘটন ঘটিয়েছে পুঁচকে ফিগেরেন্স৷ তবে আরও বড় অঘটনের শঙ্কা জাগিয়েছে খোদ এই মাঠ৷ তিন সপ্তাহ পর এই মাঠেই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও ক্রোয়েশিয়া৷ অথচ সেই মাঠ এখনো নির্মাণাধীন এক স্থাপনার চেহারায়৷ বড় বড় ক্রেন, রোলারসহ যাবতীয় নির্মাণসামগ্রী ছড়িয়ে-ছিটিয়ে চারপাশে৷ ২০ হাজার অস্থায়ী সিট বসানো হলেও নিরাপত্তাঝুঁকির কারণে এখনো সেখানে দর্শকদের বসার অনুমতি দেওয়া হয়নি৷ ৪৮ হাজার স্থায়ী আসনের অনেকটাও ফাঁকা ছিল পরশু, দর্শক ছিল মাত্র ৩৬ হাজার৷ এই দর্শকের অনেককেই আবার কাহিল হতে হয়েছে শিলাবৃষ্টিতে ভিজে৷ কারণ স্টেডিয়ামের ছাদের কাজ শেষ হয়নি এখনো!

শঙ্কার কথা হলো, ছাদের কাজ শেষ হবে না বিশ্বকাপ শেষেও৷ যে গ্লাস দিয়ে ছাদ হওয়ার কথা, অর্ডার দিতে দেরি হওয়ায় ফ্রান্স থেকে সেই গ্লাস সময়মতো এসে ​পেঁৗছাবে ​না নিশ্চিতভাবেই৷ বিশ্বকাপেও তাই বৃষ্টিতে ভিজে খেলা দেখতে হতে পারে দর্শকদের একটা বড় অংশকে৷ পরশুর ম্যাচে ​সেলফোন যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হয়েছে ভীষণভাবে৷ ব্রাজিলের যোগাযোগমন্ত্রী পাওলো বার্নার্দো জানিয়েছেন, এই মাঠসহ ১২টি স্টেডিয়ামেই সেলফোন নেওয়ার্ক ও ইন্টারনেটের সমস্যা থাকবে বিশ্বকাপজুড়েই৷ সাও পাওলোর গণপরিবহনব্যবস্থা উন্নতির অনেক প্রকল্প নেওয়া হলেও শেষ হয়নি কোনোটিই৷ কোনো কোনোটি শুরুই হয়নি!

৪৮২ মিলিয়ন ডলারের স্টেডিয়াম নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল গত ৩১ ডিসেম্বর৷ এরপর দফায় দফায় চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করেও শেষ হয়নি কাজ৷ ফিফা কর্তাদের কপালে ভাঁজ পড়ার কারণ তাই যথেষ্টই আছে৷ উদ্বোধনী ছাড়াও একটি সেমিফাইনালসহ ছয়টি ম্যাচ হওয়ার কথা এই মাঠে৷ এএফপি, রয়টার্স৷