মহা ঝামেলায় শোয়েব মালিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জটিলতা কমাতেই হায়দরাবাদের হবু শ্বশুরবাড়িতে উড়ে গিয়েছিলেন শোয়েব মালিক। কিন্তু গতকাল সকালে হঠাৎ করে যেন জটিলতা বেড়েই গেল! সানিয়া মির্জার বাড়ি থেকে হায়দরাবাদ পুলিশ জব্দ করেছে শোয়েব মালিকের পাসপোর্ট। একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মালিককে ভারত না ছাড়তে নির্দেশ দেওয়ার খবরও পাওয়া গেছে।ভারতীয় পুলিশের এই তৎপরতায় নড়েচড়ে বসেছে পাকিস্তান সরকার। সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, দিল্লি দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে মালিককে তারা সর্বোচ্চ সহযোগিতাই দেবে। ভারতীয় পুলিশের এই তৎপরতার মধ্যেই পাকিস্তানে আয়েশা সিদ্দিকির আইনজীবী ব্যারিস্টার ফারুক হাসান দাবি করেছেন, ইতিমধ্যেই তাঁর হাতে মালিকের বিরুদ্ধে আরও অকাট্য সব প্রমাণ হাজির করা হয়েছে।টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে ১৫ এপ্রিল ভারতের হায়দরাবাদে বিয়ে হওয়ার কথা পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের। বিয়ের ঘোষণাটা দেওয়ার পর থেকেই শুরু হয়েছে জটিলতা। অনেক আগেই নিজেকে ‘শোয়েব মালিকের স্ত্রী’ বলে দাবি করা আয়েশা সিদ্দিকির পরিবার থেকে বলা হয়েছে, আয়েশার সঙ্গে বিবাহবিচ্ছেদ না করে সানিয়াকে বিয়ে করতে পারেন না শোয়েব। আর শোয়েব শুরু থেকেই বলে আসছেন, হায়দরাবাদেরই মেয়ে আয়েশা আসলে প্রতারণা করে তাঁকে বিয়েতে রাজি করিয়েছিলে। এ পরিস্থিতিতেই গত শনিবার হঠাৎ করে হায়দরাবাদের বানজারা হিলে সানিয়া মির্জার বাড়িতে এসে হাজির হন মালিক।সানিয়ার বাড়িতেই কাল সকালে মালিককে জিজ্ঞাসাবাদের জন্য যায় পুলিশ। মালিকের পাসপোর্ট জব্দ করার পাশাপাশি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে ভারত ছাড়তে নিষেধ করেছে পুলিশ। আয়েশা সিদ্দিকির বাবা বানজারা হিল পুলিশ স্টেশনে করা ‘এফআইআর’-এ শোয়েব মালিকের বিরুদ্ধে প্রতারণা ও হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন। পুলিশি তৎপরতা সেটারই ধারাবাহিকতা। অন্ধ্র প্রদেশ পুলিশের প্রধান আর আর গিরিশ কুমার বলেছের, ‘সিদ্দিকি পরিবার একটা অভিযোগ দায়ের করেছে। আর হায়দরাবাদ পুলিশ ব্যাপারটা খতিয়ে দেখছে। হ্যাঁ, তাঁর পাসপোর্ট জব্দ করা হয়েছে।’ভারতীয় পুলিশের পদক্ষেপের পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল বাসিত বলেছেন, মালিককে সর্বোচ্চ সহযোগিতাই দেবেন তাঁরা। বাসিত জানিয়েছেন, তাঁরা দিল্লির পাকিস্তানি হাইকমিশনকে বলেছেন ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখতে। হাইকমিশন এখন পুলিশের কাছ থেকে এফআইআরের কপি পাওয়ার অপেক্ষায় আছে।পাকিস্তান সরকারের কাছ থেকে আশ্বাসের বাণী শুনলেও মালিককে দুঃসংবাদ শোনাচ্ছেন আয়েশা সিদ্দিকির পাকিস্তানি আইনজীবী ব্যারিস্টার ফারুক। আয়েশার দাবির সপক্ষে নাকি যথেষ্ট তথ্যপ্রমাণ পেয়েছেন তিনি। মামলা ঠুকতে তাই আর সমস্যা নেই, ‘আমি সেশন কোর্ট বা লাহোর কোর্টে তিন দিনের মধ্যে শোয়েবের বিরুদ্ধে মামলা করব। আমরা হুদ্দুদ অধ্যাদেশে মামলা করলে ওর সর্বোচ্চ যাবজ্জীবন শাস্তিও হতে পারে।’এদিকে আয়েশা সিদ্দিকির এক আত্মীয় ড. সামস কবির বানজারা হিলে নিজের বাড়িতে সংবাদ সম্মেলন করে দাবি তুলেছেন, মালিকের সঙ্গে আয়েশার শারীরিক সম্পর্ক ছিল। আয়েশাকে গর্ভপাতও করাতে হয়েছে, ‘এটা সত্যি যে আয়েশার একবার গর্ভপাত করাতে হয়েছে। এসব রিপোর্টই পুলিশের হাতে তুলে দেওয়া হবে।’নাম প্রকাশে অনিচ্ছুক সৌদি আরব প্রবাসী আয়েশার এক বন্ধুর দাবি, সৌদি আরবে মালিক আর আয়েশাকে একই হোটেলে থাকতে দেখেছেন সাবেক ভারতীয় অধিনায়ক ও বর্তমান সংসদ সদস্য আজহার উদ্দিন এবং তাঁর স্ত্রী সঙ্গীতা বিজলানীও! এএফপি, পিটিআইট, ওয়েবসাইট।