মহাতারকার লন্ডনজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপ্রতিরোধ্য৷ প্রতিপক্ষের রক্ষণদুর্গের আতঙ্কের নাম মেসি
অপ্রতিরোধ্য৷ প্রতিপক্ষের রক্ষণদুর্গের আতঙ্কের নাম মেসি

তীব্র শীত, কনকনে ঠান্ডা। হাতে দস্তানা, মাথায় টুপি, গলায় মাফলার, সঙ্গে ওভারকোট—কোনো কিছুই মানছে না। প্রত্যেকেই জবুথবু। চেলসি-বার্সা ম্যাচ নিয়ে সৃষ্ট উত্তেজনায় প্রকৃতির সেই হিমশীতল পরশও যেন উধাও। রক্ত হিম করা আবহে দলাবাঁধা লন্ডন রূপ নিল আগুনের তাওয়ায়। টেমস নদীর তীরে বেজে উঠল যুদ্ধের দামামা।
একদিকে রক্ষণাত্মক, তেজি, দুরন্ত গতির চেলসি—ইউরোপের অন্যতম সেরা দল; অন্যদিকে প্রতিভা ও কল্পনাশক্তিতে ভরা বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ। ২০০৬ সালের ২২ ফেব্রুয়ারি স্ট্যামফোর্ড ব্রিজে ওই ম্যাচে মেসির পারফরম্যান্স শুধু বার্সা সমর্থকদেরই নয়, তাবৎ ফুটবলপ্রেমীর মনেই এখনো জ্বলজ্বল করে।
তারকায় ঠাসা দুই দল। একদিকে ব্যালন ডি’অরজয়ী রোনালদিনহো, অন্যদিকে রানারআপ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। আছে আফ্রিকান সেরা ইতো ও দ্বিতীয় সেরা দ্রগবা। দুই মেরুর দুই কোচের কথাও ভোলার নয়। চেলসির নাটাই প্রচণ্ড আবেগপ্রবণ, স্নায়ুজর্জর হোসে মরিনহোর হাতে। আর বার্সার লাগাম শান্ত, স্থির ফ্রাঙ্ক রাইকার্ডের হাতে৷ পুরোই বিপরীত চরিত্রের দুজন।
প্রতিশোধের একটা ঝাঁজও ছিল ম্যাচটিতে। যা ফুটবলে ঘটেই। আগের মৌসুমে ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াইয়ে ২-১ গোলে এগিয়ে যায় কাতালানরা৷ কিন্তু শেষ পর্যন্ত অসহায় আত্মসমর্পণ করেই মাঠ ছাড়তে হয় রাইকার্ড-শিষ্যদের। ১৯ মিনিটের একটি ঝড়ে উড়ে যায় স্বাগতিকেরা । ৪-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়েন জন টেরিরা।
যেকোনো ম্যাচেই ইতিহাস উঁকিঝুঁকি দেয়। স্ট্যামফোর্ড ব্রিজেও দিয়েছিল। ন্যু ক্যাম্পের টাটকা দগদগে ক্ষতটা ভুলে যেতে মরিয়া ইনিয়েস্তারা। যুদ্ধে প্রস্তুত চেলিসও৷ ইংলিশদের রাডারে ছিলেন রোনালদিনহো, ইতো, ইনিয়েস্তারা৷ কিন্তু বার্সার তুরুপের তাস ছিলেন তরুণ মেসি৷ ম্যাচজুড়ে মেসি ছিলেন আক্রমণাত্মক, অকুতোভয়, অপ্রতিরোধ্য। মাত্র তিন মিনিটেই একটি সুযোগ সৃষ্টি করেন। পিওতর চেক তা ঠেকিয়ে আপাতস্বস্তির নিঃশ্বাস ফেললেও বাকি সময়জুড়ে তাঁর পরীক্ষা নেন ফুটবল-জাদুকর। নীল দলটির রক্ষণদুর্গ ভেঙে তছনছ। এই ওপরে, এই নিচে—অবিশ্বাস্যভাবে বলের নিয়ন্ত্রণ নিয়ে নিখুঁত পাস দিচ্ছেন সতীর্থদের৷ তাঁর মুহুর্মুহু আক্রমণে আতঙ্ক ছড়াল চেলসি শিবিরে।
৩৭ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন চেলসি ডিফেন্ডার দেল হরনো। মেসিকে আটকাতে গিয়ে বাজেভাবে ট্যাকল করেছিলেন তিনি। তা নিয়ে মাঠেই লেগে যায় খণ্ডযুদ্ধ৷ তাতে যোগ দেন রোবেন, ডেকো, টেরি, রোনালদিনহো, মোতা, পুয়োলসহ প্রায় সবাই। এরপর দুই দলেই চলল খেলোয়াড়বদল। কিন্তু কোনো কিছুতেই যেন চিত্র পাল্টাল না। চলতে থাকল মেসির প্রদর্শনী। ব্লুদের সব রণকৌশল তাঁর পায়ের তলায় যেন ধরাশায়ী।
আগুনঝরা ম্যাচটিতে ২-১ গোলে জেতে বার্সা৷ একটি গোল ইতোর, অন্যটি টেরির আত্মঘাতী৷ স্কোরলাইন মেসির পক্ষে কথা না বললেও বাস্তবে ওই ম্যাচে তিনিই ছিলেন সত্যিকারের নায়ক৷ ম্যাচ শেষে সবাই তাঁকে বীরের মতো বরণ করে নিলেন। আলিঙ্গনে বুকে জড়ালেন সতীর্থরা। গ্যালারিজুড়ে রব উঠল, ‘মেসি, মেসি’।
পরের দিন পত্রিকাগুলোতেও চলল মেসিকে নিয়ে বিশেষণের লড়াই। ‘আত্মনিবেদনকারী’, ‘প্রতিভাধর’, ‘ফুটবলের শিল্পী’, ‘বার্সার সম্পদ’, ‘মহাতারকার জন্ম’, ‘সবার সেরা’, ‘বীর’—এ রকম নানা বিশেষণে তাঁকে প্রশংসায় ভাসিয়ে দিল পত্রপত্রিকা৷ মেসির বয়স ও সাহস বিবেচনায় তাঁর পারফরম্যান্সকে তুলনা করা হলো ১৯৫৮ বিশ্বকাপে ফুটবলের কালোমানিক পেলে, ১৯৭৯ অনূর্ধ্ব বিশ্বকাপে আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনা ও ১৯৬৯ সালে বেনফিকার বিপক্ষে ডাচ কিংবদন্তি ক্রুইফের অসাধারণ পারফরম্যান্সের সঙ্গে৷
বাস্তবে েমসিকে আটকানোর সব চেষ্টাই করেছিলেন মরিনহো৷ মাঝমাঠে ম্যাকালেলে, ল্যাম্পার্ড, এসিয়েনদের মতো চ্যাম্পিয়নদের দিয়ে পাহারা বসিয়েছিলেন৷ কিন্তু সবকিছু চূর্ণিবচূর্ণ৷ নাকানিচুবানি খেলেন ল্যাম্পার্ডরা৷ দেল হরনোর ভাষায়, ‘মেসি ছিল সত্যিই অপ্রতিরোধ্য৷ ওকে আটকানো কঠিন, খুবই কঠিন৷ ওর গতি, দক্ষতা যেকোনো ডিফেন্ডারের জন্যই কঠিন চ্যালেঞ্জ৷’
সূত্র: বিভিন্ন সময়ে প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন, একাধিক ওয়েবসাইট ও লুকা কাইয়োিলর লেখা বই মেসি৷