মহাদেশীয় সেরাদের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই তো সেদিনই ইংল্যান্ডের সঙ্গে যে ব্রাজিল ২-২ ড্র করেছিল, তারাই পরে ফ্রান্সকে হারিয়ে দিল ৩-০ গোলে। তার মানে ব্রাজিল ব্রাজিলই। কনফেডারেশনস কাপে ব্রাজিলকে ফর্ম দিয়ে বিচার করতে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না।বিশ্বকাপ ও ইউরোজয়ী স্পেনও আছে। এই একটা শিরোপাই এখনো ছুঁয়ে দেখেননি জাভি-ইনিয়েস্তারা। এবারও খালি হাতে ফিরে যাওয়াটা স্প্যানিশ জাদুকরদের মানাবে কি?আছে বড় আসরে জ্বলে ওঠার সুনাম ধরে রাখা ইতালি। বাইরে থেকে দেখে মনে হয়—নাহ্, এবার আর পারবে না। কিন্তু ইতালি পেরে যায়। হিসাব উল্টে দেওয়ার এই অভ্যাসটা তাদের অনেক পুরোনো।উরুগুয়েকে যারা গোনায় ধরতে চান না তাঁদের জন্য তথ্য—কোনো হিসাবের মধ্যে না থেকেও গত বিশ্বকাপে তারা চতুর্থ হয়েছে। তারপর ব্রাজিল-আর্জেন্টিনাকে পেছনে ফেলে জিতেছে ২০১১ কোপা আমেরিকা।ব্রাজিলে আজ শুরু হতে যাওয়া কনফেডারেশন কাপ কি এ চার দলের কেউ জিতবে? নাকি চমকে দেবে জাপান, মেক্সিকো, নাইজেরিয়া বা তাহিতি? উত্তর জানার অপেক্ষায় থাকতে হবে ৩০ জুন রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে হতে যাওয়া ফাইনাল পর্যন্ত। মহাদেশীয় সেরাদের মহারণ। এটি কনফেডারেশনস কাপের এখনকার পরিচয় হলেও শুরুতে কিন্তু তা ছিল না। ‘কিং ফাহাদ কাপ’ নামে ১৯৯২ সালে সৌদি আরবে যাত্রা শুরু করা টুর্নামেন্টে প্রথম দিকে খেলত স্বাগতিক সৌদি আরব আর বিভিন্ন মহাদেশ থেকে তাদের আমন্ত্রিত কয়েকটি দল। তখন আসলে নির্দিষ্ট কোনো ফরম্যাট ছিল না। তবে ১৯৯৭ সালে ফিফা নিজেই উদ্যোগী হয়ে এটা আয়োজনের দায়িত্ব নেয় ফিফা কনফেডারেশনস কাপ নামে। ২০০৫ পর্যন্ত দুই বছর পর পর হলেও ওই বছরই ঠিক হয়, টুর্নামেন্টটি হবে চতুবার্ষিক, হবে বিশ্বকাপের আগের বছর এবং বিশ্বকাপ আয়োজক দেশেই। যাতে বিশ্বকাপের একটা মহড়া হয়ে যায়, প্রধানত আয়োজনের দিক দিয়ে। টুর্নামেন্টের প্রথম চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা এবং বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। তিনবার শিরোপা জিতে টুর্নামেন্টটির সফলতম দলও তারা। দুবার শিরোপা জিতেছে ফ্রান্স। আর্জেন্টিনা, মেক্সিকো এবং ডেনমার্ক জিতেছে একবার করে।২০১৪ বিশ্বকাপের স্বাগতিক ব্রাজিলের কাছে টুর্নামেন্টটির গুরুত্ব একটু অন্য রকম। তারুণ্যনির্ভর ব্রাজিলকে আগামী বিশ্বকাপে সম্ভাব্য শিরোপাজয়ী হিসেবে দেখছে না অনেকেই। সুতরাং দল হিসেবে নিজেদের বাজিয়ে দেখার ব্যাপার তো আছেই, আয়োজক হিসেবেও ওঠা প্রশ্নগুলোর জবাব দিতে চায় ফুটবলের দেশটি। আজ জাপানের বিপক্ষের ম্যাচ দিয়ে কনফেডারেশনস কাপ জয়ের মিশন শুরু করতে যাওয়া সেলেসাওরা নিজেদের গ্রুপে পেয়েছে শক্তিশালী ইতালি ও মেক্সিকোকেও। তবে মাঠের বাইরের হিসাবটা মাঠে কে কতটা অনুবাদ করতে পারে তার ওপরই নির্ভর করবে শেষ হাসি কে হাসবে।স্পেন, উরুগুয়ে, নাইজেরিয়া আর তাহিতিকে নিয়ে গড়া ‘বি’ গ্রুপ সেই তুলনায় বেশ সহজ। কোপা আমেরিকার চ্যাম্পিয়ন উরুগুয়ে হিমশিম খাচ্ছে বিশ্বকাপের বাছাইপর্বে। বিশ্ব চ্যাম্পিয়নদের গ্রুপ থেকে রানার্সআপ হতে পারলেই হয়তো খুশি থাকবে নাইজেরিয়া। আর ওশেনিয়ার চ্যাম্পিয়ন তাহিতির জন্য কনফেডারেশনস কাপে আসতে পারাটাই বিশাল অর্জন। মহাদেশীয় চ্যাম্পিয়নশিপে যদিও তারা জিতেছে দারুণ দাপটের সঙ্গে। কিন্তু স্পেন কিংবা উরুগুয়ের মতো দলের বিপক্ষে যদি জিতে যায় তারা, তবে সেটা হবে কনফেডারেশনস কাপের সবচেয়ে বড় অঘটন। এএফপি।