মহানগর স্কুল হকিতে সেরা আরমানিটোলা
ড্রামের তালে তালে নেচেগেয়ে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের ভিআইপি গ্যালারি মাতিয়ে রাখল শ খানেক কিশোর। গায়ে আকাশি-নীল রঙের স্কুল পোশাক। ওরা ফতুল্লা পাইলট স্কুলের ছাত্র। কিন্তু মহানগর স্কুল হকির ফাইনালে ফতুল্লাকে ৪-০ গোলে হারিয়ে ওদের উচ্ছ্বাসটা নিভিয়ে দিয়েছে আরমানিটোলা সরকারি উচ্চবিদ্যালয়। টুর্নামেন্টে দুর্দান্ত খেলা গতবারের চ্যাম্পিয়ন আরমানিটোলার খেলোয়াড়েরা কাল পাত্তাই দেয়নি ফতুল্লার স্কুলটিকে। ম্যাচের ৩ মিনিটে শিহাবের গোলে প্রথমে এগিয়ে যায় আরমানিটোলা। ২০ ও ৬১ মিনিটে গোল করে সাব্বির ও করিম। ৫৭ মিনিটে ফতুল্লার কফিনে শেষ পেরেকটি ঠোকে শিহাব। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফির পাশাপাশি দেওয়া হয়েছে ১৮টি করে হকিস্টিক। সুপার লিগের তিন সেরা খেলোয়াড় আরমানিটোলার শিহাব, ফতুল্লার সবুজ ও শুভাঢ্যার সোহেল এক বছরের পড়াশোনার খরচ বাবদ পেয়েছে ৬০০০ করে টাকা। কাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আশিয়ান গ্রুপের পরিচালক চিত্রনায়ক রিয়াজ। উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক শাহ স্পোর্টসের স্বত্বাধিকারী গজনফর আলী নাগভী, ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ প্রমুখ।