মহামূল্য ওয়েন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েন্সের চার সোনার একটি
ওয়েন্সের চার সোনার একটি

১৯৩৬ বার্লিন অলিম্পিক। জার্মান শাসক অ্যাডলফ হিটলার গোটা দুনিয়াকে দেখাতে চেয়েছিলেন আর্যরক্তের অহম। কিন্তু সেই দম্ভকে চুরমার করে দিয়েছিলেন এক কৃষ্ণাঙ্গ। জেসি ওয়েন্স নামের সেই অ্যাথলেট একাই জিতে নিয়েছিলেন ১০০ মিটার, ২০০ মিটার, লং জাম্প ও ৪x১০০ মিটার রিলের সোনা।

খেলাধুলার ইতিহাসে অমর এই কীর্তির স্মারক ওয়েন্সের চার সোনার একটি লস অ্যাঞ্জেলসে নিলামে উঠেছিল গত পরশু। ১০ লাখ ডলারের মতো দাম আশা করা হচ্ছিল। সেই আশাকে ছাড়িয়ে গিয়ে তা বিকিয়েছে ১৪ লাখ ডলারেরও বেশি দামে। অলিম্পিকের আর কোনো স্মারক এত দামে বিক্রি হয়নি।

দামের দিক দিয়ে এর আগের রেকর্ডটি ছিল ১৮৯৬ সালের প্রথম অলিম্পিক ম্যারাথনজয়ীর রুপার কাপ। গত বছর যেটির দাম উঠেছিল আট লাখ ডলারেরও বেশি। এই ফেব্রুয়ারিতেই ১৯৮০ সালের শীতকালীন অলিম্পিকে যুক্তরাষ্ট্র আইস হকি দলের অধিনায়কের একটা জার্সির দাম উঠেছিল সাড়ে ছয় লাখ ডলারের মতো।

বার্লিনে ওই কীর্তির পরও ওয়েন্সের বাকি জীবন কেটেছে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে। তাঁকে কাজ পেতে সাহায্য করায় এই সোনার পদকটা তিনি দিয়ে দিয়েছিলেন বন্ধু চলচ্চিত্র তারকা বিল রবিনসনকে। তাঁর প্রয়াত স্ত্রীর এস্টেটই পদকটা নিলামের জন্য তুলেছিল। নিলামকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রেতা তাঁর নাম এই মুহূর্তে প্রকাশ করতে চান না। এএফপি।