মহামূল্য মেসি
বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হয়তো তিনি নন, তবে লিওনেল মেসি সবচেয়ে বেশি বেতন পাওয়াদের একজন। বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়নের পর সেটা ফুলে-ফেঁপে আরও মোটা অঙ্কেই দাঁড়াচ্ছে। এই চুক্তি অনুসারে ২০১৮ পর্যন্ত কাতালান ক্লাবটিতেই থাকবেন মেসি। বার্ষিক বেতন হবে এক কোটি ৬০ লাখ ইউরো। এতে বোনাসও অন্তর্ভুক্ত। তবে বোনাসের যেসব শর্ত দেওয়া আছে সেটা মেসির জন্য ডাল-ভাত। ক্লাবের হয়ে ৬৫ শতাংশ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে হবে তাঁকে। এমনিতেই বার্সেলোনা ফরোয়ার্ডের চোট সমস্যা খুব একটা নেই, তাই এর চেয়ে অনেক বেশি ম্যাচ খেলেন প্রতিবছরই। চোটের কারণে কোনো ম্যাচ না খেললে সেটা হিসাবের বাইরেই থাকবে। আরেকটি ব্যাপার, মেসিকে কিনতে হলে এখন কোনো ক্লাবকে খরচ করতে হবে ২৫ কোটি ইউরো! আরেকটি শর্ত চ্যাম্পিয়নস লিগে খেলতে হবে। এটাও যে অনায়াসসাধ্য সেটা না বললেও চলে। গত নয় মৌসুমেই চ্যাম্পিয়নস লিগে খেলেছে বার্সেলোনা, তিনবার শিরোপাই জিতেছে। খেলোয়াড়দের এমন মামুলি লক্ষ ঠিক করে দেওয়ার উদারতা বার্সা অবশ্য আগেও দেখিয়েছে। গত মৌসুমেই দলে আসা অ্যালেক্স সানচেজের কথাই ধরুন। বার্সা চার কোটি ইউরো দিয়ে কিনেছিল সানচেজকে। যদিও কাগজে-কলমে মূল্যটা ছিল দুই কোটি ৬০ লাখ। ওয়েবসাইট।