মহারণ এবার ম্যানচেস্টারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওল্ড ট্রাফোর্ডে আজ সেই দিন। ‘কী হবে, কী হবে’ উত্তেজনা নিয়ে যে দিনটির জন্য তিন সপ্তাহ ধরে অপেক্ষায় ফুটবল-বিশ্ব। আসলেই কী হবে আজ ওল্ড ট্রাফোর্ডে? ৫৬ বছরের ফুটবল অভিজ্ঞতার আলোকে অ্যালেক্স ফার্গুসনের উত্তর, ‘এটা হবে চমৎকার এক রাত। আমরা কথা বলছি বিশ্বসেরা দুটি ক্লাব নিয়ে। আবেগ থাকবে উঁচুতে। আমি নিশ্চিত এটা হবে অসাধারণ এক ম্যাচ।’আক্ষরিক অর্থেই একটা ম্যাচ অসাধারণ হয়ে ওঠার জন্য যা যা দরকার, সব উপাদানই মজুত থাকছে। মঞ্চ প্রস্তুত। প্রস্তুত ম্যানচেস্টার ইউনাইটেড আর রিয়াল মাদ্রিদও। রাজায় রাজায় যুদ্ধ। তার ওপর দুই শিবিরই টগবগে আত্মবিশ্বাসে ফুটছে। সুতরাং ওল্ড ট্রাফোর্ডে আজ আগুনের স্ফুলিঙ্গ ছড়ানোটা অনিবার্য।সাদা চোখে ইউনাইটেড-রিয়ালের যুদ্ধ। কিন্তু সেই লড়াইয়ের ভেতরে থাকবে আরও অনেক খণ্ড যুদ্ধ। যেমন ক্রিস্টিয়ানো রোনালদো বনাম ওয়েইন রুনি, রোনালদো বনাম রিও ফার্ডিনান্ডের লড়াই। রোনালদোর লড়াইটা আসলে পুরো ওল্ড ট্রাফোর্ডের সঙ্গেই। ২০০৯ সালে ইউনাইটেড ছেড়ে যাওয়ার পর এই প্রথম ওল্ড ট্রাফোর্ডে পা রাখছেন রিয়ালের পর্তুগিজ তারকা। রোনালদোর উপস্থিতি নিশ্চিতভাবেই ওল্ড ট্রাফোর্ডে ছেটাবে আবেগের রেণু। ডাগ-আউটে হোসে মরিনহো-ফার্গুসনের লড়াইটা তো থাকছেই। বাড়তি আকর্ষণ হয়ে থাকবেন রায়ান গিগসও। ওয়েলস তারকা যে আজ ছুঁতে যাচ্ছেন পেশাদার ক্যারিয়ারের হাজারতম ম্যাচের মাইলফলক।গত ১১ ফেব্রুয়ারি প্রথম লেগে রিয়ালের মাঠ থেকে ১-১ গোলে ড্র করে এসেছিল ইউনাইটেড। সেই সূত্রে একটু হলেও চাপে রিয়াল। কিন্তু হোসে মরিনহোর দলের সেই চাপের বোঝা হালকা করে দিয়েছে গত দুটি এল ক্লাসিকোর জয়। ১১ ফেব্রুয়ারির সেই ম্যাচের পর টানা চার ম্যাচেই জিতেছে রিয়াল। যার সর্বশেষ দুটিই পরাশক্তি বার্সেলোনার বিপক্ষে। রিয়ালের পর্তুগিজ ডিফেন্ডার পেপে তাই বলছেন, ‘আমরা সেরা সময়েই ইউনাইটেডের ম্যাচটা খেলতে যাচ্ছি।’ সার্জিও রামোসের কণ্ঠেও প্রত্যয়ী সুর, ‘দুটি ক্লাসিকো জয়ের পর আমরা ম্যানচেস্টারে এই অনুপ্রেরণা নিয়ে যাচ্ছি, আমরা জিততে পারি। যারা দুর্দান্ত এক দল সেই প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা রেখেই এটা বলছি।’আত্মবিশ্বাসী ইউনাইটেডও। রিয়ালের বিপক্ষে ম্যাচের পর তারাও জিতেছে টানা তিন ম্যাচেই। গত শনিবার নরউইচকে উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে। আজকের ম্যাচটা আবার তাদের নিজেদের মাঠে। রামোসের মতোই প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা রেখে ফার্গুসন বলছেন, ‘আমরা জানি প্রতি-আক্রমণে রিয়াল ইউরোপের অন্যতম সেরা। মঙ্গলবার আমরাও ওটার মুখোমুখি হব। আর এ কারণে আমরাও প্রস্তুতি নিচ্ছি এটা নিশ্চিত করতে যে তাদের প্রতি-আক্রমণ যেন আমাদের শেষ করে না দিতে পারে।’এক দিকে রোনালদো-হিগুয়েইন-বেনজেমারা। অন্য দলে ফন পার্সি-রুনি-নানি-কাগাওয়ারা। ফার্গুসন তাই ভবিষ্যদ্বাণী করছেন, ম্যাচে গোল হবেই, ‘আমি মনে করি দুই দলই গোল করবে। আমার স্রেফ আশা, আমরা যেন তাদের চেয়ে বেশি গোল করি।’চ্যাম্পিয়নস লিগে আজ ম্যাচ আছে আরও একটি। কিন্তু ইউনাইটেড-রিয়ালের দ্বৈরথের ডামাডোলে যেন ঢাকাই পড়ে যাচ্ছে ডর্টমুন্ড-শাখতার দোনেৎস্কের ম্যাচটি। প্রথম লেগে ২-২ গোলে ড্র করায় ডর্টমুন্ড একটু হলেও এগিয়ে থাকবে। আজ ম্যাচটি তারা খেলতে নিজেদের মাঠে। এএফপি।ইউনাইটেড-রিয়াল ম্যাচ শুরু রাত ১-৪৫ মি. সরাসরি দেখাবে টেন অ্যাকশন