মহারণের অপেক্ষায় মেসি-রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিস্টিয়ানো রোনালদো নাকি লিওনেল মেসি? এ সময়ের সেরা ফুটবলার কে? বিতর্কটা কয়েক বছর ধরে বেশ জোরেশোরেই চলছে ফুটবল দুনিয়ায়। আর এ মৌসুমে মাঠে একের পর এক জাদু দেখিয়ে বিকর্তটা বেশ ভালোমতো উসকে দিয়েছেন দুজনই। স্প্যানিশ লিগে ১২ ম্যাচে ১৪ গোল করে সর্বোচ্চ গোলদাতার আসনটা এখনো নিজের দখলে রেখেছেন রোনালদো। ১৩ গোল নিয়ে তাঁর ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন মেসি। মুখোমুখি লড়াইয়ে সময়ের সেরা দুই তারকার শ্রেষ্ঠত্ব বিচারের সুযোগ অনেক সময়ই পাওয়া যায় না। মেসি-রোনালদোকেও মুখোমুখি কবে দেখা যাবে, তা নিয়েও হয়তো অনিশ্চয়তার মধ্যে থাকতে হতো ফুটবলপ্রেমীদের। কিন্তু ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে আসার পর সেই দ্বৈরথ প্রত্যক্ষ করার একটা নিশ্চিত সুযোগ করে দিয়েছেন রোনালদো। বছরে দুবার স্প্যানিশ লিগে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের ধ্রুপদী লড়াইয়ে মেসি-রোনালদোর মুখোমুখি লড়াই দেখার সুযোগ এসেছে ক্রীড়ামোদীদের সামনে। নিজেদের সেরাটা ঢেলে দিয়ে মেসি-রোনালদোও অপেক্ষা করছেন নিজ নিজ ক্লাবের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য।মুখোমুখি লড়াইয়ের দৌড়ে অবশ্য কিছুটা এগিয়ে আছেন মেসি। রিয়ালের বিপক্ষে গত আট ম্যাচে করেছেন সাত গোল। তাঁর দল বার্সেলোনাও জয় পেয়েছে টানা পাঁচটি ম্যাচে। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড বা রিয়াল মাদ্রিদের হয়ে বার্সেলোনার জালে এখনো একবারও বল জড়াতে পারেননি রোনালদো। তিনি অবশ্য এই গোল করা না করার হিসেব একেবারেই উড়িয়ে দিয়ে বলেছেন, ‘আমি গোল করার চিন্তায় আচ্ছন্ন হয়ে থাকি না। শুধু বার্সেলোনাই নয়, সব দলের বিপক্ষেই আমি গোল করার চেষ্টা করি। দলকে জেতানোর জন্য ভালো খেলার চেষ্টা করি।’ বার্সা-রিয়ালের লড়াইটাকেও তাঁর আর মেসির লড়াই হিসেবে দেখতেও নারাজ এ পর্তুগিজ উইঙ্গার। তিনি বলেছেন, ‘এটাকে মেসি আর আমার দ্বন্দ্বযুদ্ধ হিসেবে দেখাটা খুবই বোকামি হবে। এটা স্পেনের দুটি সেরা ক্লাবের লড়াই। আমার মতো মেসিও দলকে জেতানোর জন্যই সর্বোচ্চ চেষ্টা করবে।’বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক এ লড়াইয়ে এবার নতুন আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছেন রিয়াল কোচ হোসে মরিনহো। এর আগের পাঁচটি ‘এল ক্লাসিকোতে’ জয়ের মুখ দেখেনি রিয়াল মাদ্রিদ। এবার বার্সেলোনাকে হারের স্বাদ দিতে দৃঢ়প্রতিজ্ঞ এ স্বঘোষিত স্পেশাল ওয়ান। এর আগে চেলসি আর ইন্টার মিলানের কোচ হিসেবে বার্সেলোনাকে হারানোর অভিজ্ঞতা আছে মরিনহোর। তাই এবারও রিয়ালের হয়েও বার্সেলোনার বিপক্ষে জয় পাওয়ার জন্য জন্য সব অস্ত্রই শাণিয়ে নিচ্ছেন এই পর্তুগিজ কোচ। অন্যদিকে জয়ের ধারা অব্যাহত রেখে বার্সাকে পয়েন্ট তালিকার শীর্ষে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই রিয়ালের মুখোমুখি হবেন বার্সা কোচ পেপ গার্দিওলা। ওয়েবসাইট।