মহারণের আগে নিষ্ঠুরতম ম্যাচে ব্রাজিল

সেমিফাইনালে ৭-১ গোলে পরাজয়ে নয়, এই বিশ্বকাপের নিষ্ঠুরতার সঙ্গে ব্রাজিলের আসলে পরিচয় হচ্ছে আজ। পরদিন মারাকানায় ফাইনাল আর ব্রাজিলকে কিনা তৃতীয় স্থান পাওয়ার লড়াইয়ে নামতে হচ্ছে!
কে চায় এই ম্যাচ খেলতে! ‘মিনেইরাওজো’তে এখনো আচ্ছন্ন পুরো দেশ। যেটির প্রসঙ্গ উঠলেই ব্রাজিলিয়ানরা অবিশ্বাসে দুপাশে মাথা নাড়ছে। জার্মানির বিপক্ষে সেমিফাইনাল যদি বিশ্বকাপ ইতিহাসে স্বপ্নভঙ্গের করুণতম গল্প হয়, আজ ব্রাসিলিয়ায় বিশ্বকাপ ইতিহাসের নিষ্ঠুরতম ম্যাচ।
যেটি শুরুর প্রায় ১৬ ঘণ্টা আগে লিখতে বসে কৌতূহল হচ্ছে, এই বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচের দিন চারপাশে যা দেখেছি, এদিনও কি তা দেখা যাবে! যে শহরে খেলা, সেখানে তো কথাই নেই, পুরো ব্রাজিলই সাজবে হলুদ জার্সিতে! মনে হয় না। মানে গারিঞ্চা স্টেডিয়ামের গ্যালারি আজও হয়তো ভরাই থাকবে, কিন্তু রিও ডি জেনিরোতে কারও সঙ্গে কথা বলে মনে হলো না, পরদিন ব্রাসিলিয়ায় একটা ম্যাচ হচ্ছে এবং সেটিতে ব্রাজিল খেলছে।
সেমিফাইনালে হারার পর হল্যান্ডের কোচ লুই ফন গাল ‘অকারণ’ এই ম্যাচটি নিয়ে প্রশ্ন তুলেছেন। যেটি তিনি ১০ বছর আগে থেকেই তুলে যাচ্ছেন। এই দলে লুই ফন গাল একা নন এবং প্রশ্নটা সেই প্রথম বিশ্বকাপ থেকেই। ১৯৩০ সালে যুক্তরাষ্ট্র তৃতীয় হয়েছিল এই ম্যাচটা না খেলেই। কারণ যুগোস্লাভিয়া এই ‘যন্ত্রণা’ ভোগ করতে রাজি হয়নি। যন্ত্রণাই তো! বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যাওয়ার শোকে কাতর দুটি দলকে দু-তিন দিনের মধ্যে মাঠে নামিয়ে দেওয়ার মধ্যে একটা নিষ্ঠুরতা আছে।
সব সময় যে তা সত্যি তা অবশ্য নয়। অভাবিতভাবে সেমিফাইনাল খেলা কোনো দলের জন্য এই ম্যাচও উদ্যাপনের উপলক্ষ হতে পারে। ১৯৯৮ বিশ্বকাপে যেমন হয়েছিল ক্রোয়েশিয়ার জন্য, ১৯৯৪ ও ২০০২ বিশ্বকাপে দুই দলের জন্যই। বুলগেরিয়া-সুইডেন ও তুরস্ক-দক্ষিণ কোরিয়া ওই চার দেশের জন্য তো তৃতীয় হওয়ার ম্যাচও ‘ফাইনাল’-এর মতোই!
ব্রাজিল ও হল্যান্ডের কাছে অবশ্যই তা নয়। জিতলে প্রাইজমানি ২০ লাখ ডলার বেশি পাওয়া যাবে, তাতেও এটি অত্যাচারই থাকছে। কখনো কখনো অন্য একটা কারণে এই ম্যাচের যে একটা গুরুত্ব থাকে, এবার তো সেটিও নেই। গোল্ডেন বুটের মালিকানা। এই ম্যাচে গোল করেই ১৯৩৮ সালে গোল্ডেন বুট জিতেছিলেন লিওনিডাস দা সিলভা। ১৯৯০ সালে সালভাতর শিলাচি, ১৯৯৮-এ ডেভর সুকার, গত বিশ্বকাপে টমাস মুলার। আজকের ম্যাচে গোল্ডেন বুটের দাবি জানানোর মতো কেউ নেই। আরিয়েন রোবেন বা রবিন ফন পার্সির মধ্যে কেউ হ্যাটট্রিক করে বসলে ভিন্ন কথা। নইলে এই বিশ্বকাপে হামেস রদ্রিগেজের ৬ গোল টপকে যাওয়ার সম্ভাবনা শুধু টমাস মুলার (৫) আর লিওনেল মেসির (৪)। দুজনই মারাকানার ফাইনাল নিয়ে মগ্ন।
এই ম্যাচ কেউ মনেও রাখে না। বেশির ভাগ ব্রাজিলিয়ানই যেমন বলতে পারেন না, এর আগেও তিনবার এই ম্যাচ খেলেছে সেলেসাওরা। তার পরও এই ম্যাচ হবে, কারণ একটি বাড়তি ম্যাচ মানেই ফিফার কোষাগারে বাড়তি টাকা।
জার্মানির কাছে হারার পর কথাটা হয়তো স্কলারির মুখ ফসকেই বেরিয়ে গেছে। এখনো তৃতীয় হওয়ার সুযোগ আছে ব্রাজিলের। বিশ্বকাপে রানার্সআপ হওয়াটাই যে দেশের কাছে ব্যর্থতা বলে বিবেচিত, সেখানে তৃতীয় না চতুর্থ এ নিয়ে যে কেউ মাথা ঘামায় না, এটা স্কলারির অজানা থাকার কোনোই কারণ নেই।
আর এবার তো ব্রাজিলের দুঃখ তিন গুণ হয়ে যাচ্ছে। চ্যাম্পিয়ন হতে না পারলেই দুঃখে ডুবে যাওয়াটা তো অনেক আগেই ঐতিহ্যে পরিণত। সেটি দ্বিগুণ হচ্ছে দেশে বিশ্বকাপ বলে। তিন গুণ মারাকানার ফাইনালে আর্জেন্টিনাকে দেখে। ফুটবলে ঐতিহাসিক বৈরিতার আরও অনেক গল্প আছে। কিন্তু ঝাঁজের দিক থেকে ব্রাজিল-আর্জেন্টিনার আসলে কোনো তুলনা নেই। বন্ধু মেসির হাতে বিশ্বকাপ দেখতে চাওয়াটা যদি নেইমারের মনের কথাও হয়, সঙ্গী হিসেবে আর একজন ব্রাজিলিয়ানকেও পাবেন কি না সন্দেহ।
মারাকানায় বিশ্বকাপ জিতে আর্জেন্টাইনরা উল্লাস করছে—এই দৃশ্যটা ভাবতেই শিউরে উঠছেন ব্রাজিলিয়ানরা। যাঁকেই জিজ্ঞেস করি, একই উত্তর—এটা হতে পারে না। এমনিতে খেলাধুলায় সমর্থনে একটা মনস্তত্ত্ব খুব কাজ করে। যে দলের কাছে হেরে বিদায় নিতে হয়েছে, সেই দলের বিপক্ষে চলে যাওয়া। সেমিফাইনালে জার্মানি যেমন অপদস্থের চূড়ান্ত করেছে, তাতে এই ‘নিয়ম’ আরও বেশি কার্যকর হওয়ার কথা। একদমই তা হচ্ছে না। গ্যালারির যে অংশটা আকাশি-নীল হয়ে থাকবে, এর বাইরে সবাই ফাইনালে জার্মানির হয়েই গলা ফাটাবে।
সুযোগ থাকলে অবশ্য পুরো মারাকানাই আকাশি-নীল হয়ে যেত। বিশ্বকাপের শুরু থেকেই ব্রাজিল দাপিয়ে বেড়াচ্ছে আর্জেন্টাইনরা। ফাইনালে ওঠার পর আসছে আরও ঝাঁক বেঁধে। টিকিট নেই, তার পরও ‘যদি একটা পেয়ে যাই’ আশায়। গত পরশু সাও পাওলো থেকে রিও আসার ফ্লাইটে পাশেই পেলাম এমন দুজনকে। দুজনই ৬০ ছুঁই-ছুঁই, একজন পেশায় স্থপতি, আরেকজন ব্যবসায়ী। বুকে ফিফার কার্ড ঝোলানো দেখে এই প্রতিবেদকের কাছে পর্যন্ত টিকিট চেয়ে বসলেন। কালোবাজারে কিছু টিকিট পাওয়া যাচ্ছে। সর্বশেষ যা শোনা গেল, তাতে সর্বনিম্ন মূল্য তিন হাজার ডলার।
ব্রাজিল ফাইনালে নেই—এই দুঃখে ব্রাজিলিয়ানদের তো মারাকানা থেকে মুখ ফিরিয়ে থাকার কথা। পোর্তো আলেগ্রে থেকে ফাইনাল দেখতে আসা তরুণ অ্যালান উড়িয়ে দিলেন কথাটা, ‘ব্রাজিল নেই বলে মন খারাপ ঠিকই, কিন্তু আমরা তো ফুটবল ভালোবাসি। বিশ্বকাপ ফাইনাল দেখব না! ব্রাজিলে আর কোনো দিন তো তা দেখার সুযোগ হবে না।’
আগামীকাল মারাকানায় থাকাটা আরও যে একটা কারণে বেশি জরুরি, সেটি বলার সময় চোখ টিপলেন, ‘আর্জেন্টিনাকে হারাতে হবে না!’
বিশ্বকাপ ফাইনালটা শুধু মাঠে হবে কে বলল, হবে মারাকানার গ্যালারিতেও।